লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২০:১৪ পিএম
গিয়াস উদ্দিন পলাশ ও তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘আমি পানিওয়ালা যামু না, তোরা এইকগাও (একজনও) পৌরসভায় আসবি না’Ñ এমন কথা বলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়াকে হুমকি দেওয়া হয়েছে। একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হতে না পেরে রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ মোবাইল ফোনে এ হুমকি দেন।
এ ঘটনার কলরেকর্ড সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার দুপুরে ৩ মিনিট ২৫ সেকেন্ডের কলরেকর্ডটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এদিকে বিএনপি নেতা পলাশের হুমকিমূলক মন্তব্যের আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা করেন অপর প্রান্তে থাকা বিএনপি নেতা মারুফ ভূঁইয়া। মারুফ বারবারই বলেছেন, আমি কিছু বলিনি। একপর্যায়ে দুজনই উত্তপ্ত বাক্যবিনিময় করেন।
কলরেকর্ডের কিছু অংশে বিএনপি নেতা গিয়াস উদ্দিন পলাশকে বলতে শোনা যায়, মনোয়ার প্রধান অতিথি, আর আপনি বিশেষ অতিথির ব্যানার করেছেন। আমি পানিওয়ালা স্কুলে গিয়ে পৌর বিএনপির সেক্রেটারি হিসেবে প্রধান অতিথি হতে পারিনি। আপনি বলেন, ‘পলাশ কে?’ আপনি কি সাংগঠনিক রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন না, মারুফ ভূঁইয়া?
আপনি বলেন, ‘পলাশ কে?’ আপনি যদি সাংগঠনিক রাজনীতি চর্চা না করেন, তাহলে ইউনিয়ন বিএনপি কীভাবে করবেন? ব্যানারে প্রধান অতিথি হিসেবে আমার নাম কেন নেই? আপনি বলেন, ‘পলাশ কে?’ আমি পানিওয়ালা যাব নাÑ এ কথা আমি বলেছি। তোমরা কেউ পৌরসভায় আসবে না।
আমি কেন প্রধান অতিথি হতে পারলাম না? মারুফ ভূঁইয়া, আপনি যদি সাংগঠনিক রাজনীতি না বোঝেন, তাহলে রাজনীতি করবেন না। আমি পৌর বিএনপির সেক্রেটারি। অথচ ব্যানারে আমার নাম নেই। আপনি বলেন, ‘পলাশ কে?’ আমি নির্বাচিত সেক্রেটারি। ৫০ লাখ টাকা খরচ করে হালাইছি। আপনি বলেন, ‘পলাশ কে?’ আপনি পানিওয়ালায় আসেন, সেখানে কথা হবে।’
এ প্রসঙ্গে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়া বলেন, ঘটনাটি পুরনো। পরে বিষয়টি জানালে দলের সিনিয়র নেতারা বসে এর সমাধান করে দেন। পলাশ আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি। পরে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে পলাশের এক ঘনিষ্ঠ নেতা বলেন, ঘটনার সময় পলাশ কিছুটা উত্তেজিত ছিলেন। পরে নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর রামগঞ্জ পৌর বিএনপির সম্মেলন হয়। এতে ভোটে শেখ কামরুল কামরুজ্জামান সভাপতি ও গিয়াস উদ্দিন পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।