সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২০:১০ পিএম
বাবা কামরুল ইসলামের সঙ্গে শিশু মহাদ্দিস ও তুলনা। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের দিরাইয়ে নিখোঁজের পর দুই শিশুর অর্ধগলিত লাশ হাওরের পৃথক স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার ও বুধবার বেওয়ারিশ হিসেবে লাশ দুটি উদ্ধারের পর পরিচয় শনাক্ত হয়।
এ ঘটনায় শিশু দুটির বাবা কামরুল হাসানকে (৩৫) আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তানদের ঘুমের ওষুধ খাইয়ে পানিতে ফেলে হত্যার কথা তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত দুই শিশু হলো দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর গ্রামের কামরুল হাসানের ছেলে ছয় বছর বয়সী মোহাদ্দিস ও মেয়ে চার বছর বয়সী তুলনা আক্তার।
দিরাই থানার ওসি আমিনুল ইসলাম জানান, পারিবারিক অভাব-অনটন ও সন্তানদের ভরণপোষণ নিয়ে স্ত্রী ফুলজান নেসার (৩০)-এর সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্বজনদের ভাষ্য, শুক্রবার স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর দুই সন্তানকে নিয়ে ফেরিওয়ালা কামরুল সিলেট যান। সেখানে দুই দিন অবস্থানের পর রোববার বাড়ির উদ্দেশে রওনা হন। সোমবার রাতে বাড়ি ফিরলেও সন্তানরা তার সঙ্গে ছিল না। পরে ফেসবুক লাইভে সন্তান দুজন হারিয়ে যাওয়ার কথা জানান তিনি।
মঙ্গলবার সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের কাছে দেখার হাওর থেকে এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। একই সময়ে শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও-সংলগ্ন হাওর থেকে অপর শিশুর লাশ উদ্ধার হয়। পরে তাদের পরিচয় নিশ্চিত হয়।
ওসি জানান, বাড়ি ফেরার পথে প্রথমে নোয়াগাঁও-সংলগ্ন হাওরে এবং পরে দেখার হাওরে সন্তানদের পানিতে ফেলে দেন কামরুল। এর আগে তাদের ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয় বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।