ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৯:৪০ পিএম
টাঙ্গাইলের ধনবাড়ীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
টাঙ্গাইলের ধনবাড়ীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ ট্রাক মালিক সমিতির দ্বিতীয়তলার কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ধনবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন এবং সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম জাকারিয়া।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ আব্দুল বারী।
দিনব্যাপী ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ সদস্যদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন আরও ঐক্যবদ্ধ ও গতিশীল হয়ে চালকদের ন্যায্য অধিকার, কল্যাণ এবং পেশাগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, ‘ভোটগ্রহণ চলাকালীন সময়জুড়ে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন এবং ধনবাড়ী থানা পুলিশ পুরো সময়জুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্ব পালন করেছে।’