ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৯:৩০ পিএম
কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীর বাড়িতে ঢুকে তাকে মারধরের অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুলিয়ারচরের ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীর বাড়িতে ঢুকে তাকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছাত্রী ওই ইউনিয়নের হাইস্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
বুধবার সকাল ৯টায় বখাটে অনিক মিয়া লোহার পাইপ নিয়ে ছাত্রীর বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এর আগের দিন মঙ্গলবার সকাল ৯টায় মাধবদী কান্দাপাড়া গ্রামে ছাত্রীটি নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় উত্ত্যক্তের শিকার হয়। অভিযুক্ত কিশোর অনিক মিয়া মাধবদী কান্দাবাড়ির নজরুল মিয়ার ভাগিনা। সে নানার বাড়িতে বসবাস করে।
ঘটনার পর থেকেই ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিবারের দাবি, তাদের মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে ও আতঙ্কে রয়েছে। যেকোনো সময় আবারও হামলার আশঙ্কায় পুরো পরিবার উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কুলিয়ারচর উপজেলা ইউএনও ইয়াসিন খন্দকার বলেন, বিষয়টি আমার জানা নেই। কাউকে উত্ত্যক্ত করা সমাজে একটি ন্যক্কার জনক ঘটনা। আমি খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।