× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনের বাঘবিধবাদের ট্র্যাজেডি

অন্ধকার জয় করে হালিমার আলোয় ফেরা

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা)

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৩:৩৮ পিএম

বাঘবিধবা হালিমা খাতুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাঘবিধবা হালিমা খাতুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা দেশের দক্ষিণ-পশ্চিমের জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনপদ কয়রা।

প্রকৃতির দান যেমন এখানকার মানুষের আহার জোগায়, তেমনি কালবৈশাখী, ঘূর্ণিঝড় আর বন্যপ্রাণীর ভয়াল থাবা প্রতিনিয়ত কেড়ে নেয় উপকূলবাসীর স্বপ্ন। 

নদী ও ম্যানগ্রোভ বনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা এই জনপদে সুন্দরবন কেবল জীবিকার পথ নয়; বহু পরিবারের জন্য তা এক বুক নিঃশব্দ হাহাকারের নাম।

স্থানীয় সূত্রে জানা যায়, শুধু কয়রা উপজেলাতেই বর্তমানে প্রায় ১৬৫ জন বাঘবিধবা নারী রয়েছেন। সুন্দরবনের গহিন অরণ্যে যখন কোনো বনজীবী বাঘের আক্রমণের শিকার হন, তখন কেবল একটি প্রাণই ঝরে যায় না; তটরেখার তীরে রেখে যায় স্বজনহারা মানুষের দীর্ঘশ্বাস আর এই বাঘবিধবাদের চরম সামাজিক অনিশ্চয়তা।

সামাজিক অবহেলা, দারিদ্র্য ও স্থানীয় কুসংস্কারের মুখোমুখি হয়ে উপকূলের বাঘবিধবা নারীদের জীবন হয়ে ওঠে এক জীবন্ত জাহান্নাম। তবে সেই অন্ধকার ও কুসংস্কারের শিকল ভেঙে ঘুরে দাঁড়ানো তেমনই এক অদম্য নারীর নাম হালিমা খাতুন। 

বাঘের থাবায় স্বামীকে হারানো থেকে শুরু করে চরম নির্যাতন জয় করে তিনি আজ একজন সফল ও আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তা।

২০০৭ সালের কথা। কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার এলাকার জাবেদ আলীর কন্যা হালিমা খাতুনের বিয়ে হয়েছিল একই উপজেলার মহারাজপুর ইউনিয়নের আলমগীরের সঙ্গে। বিয়ের মাত্র এক বছর নয় মাসের মাথায় সুন্দরবনে গোলপাতা সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ হারান আলমগীর। এই আকস্মিক মৃত্যুর সময় হালিমা ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা।

স্বামীর মৃত্যুর পর কোনো সান্ত্বনা পাননি হালিমা, উল্টো শ্বশুরবাড়িতে নেমে আসে অমানুষিক মানসিক ও শারীরিক নির্যাতন। অবশেষে কোলের এক বছরের কন্যাসন্তানকে বুকে জড়িয়ে বাঁচার তাগিদে ভিটেমাটি ছেড়ে নিঃস্ব অবস্থায় খুলনার দৌলতপুরে পাড়ি জমান তিনি।

শহরে এসে শুরু হয় পেটের ভাত জোগাড়ের চরম সংগ্রাম। দৌলতপুরের একটি ঝালের মিলে কাজ নেন হালিমা। প্রতিদিন এক-দুই হাজার কেজি মরিচ ভাঙানোর কাজ শেষে মাসে আয় হতো মাত্র ছয়-সাত হাজার টাকা। তিন বছর কাজ করার পর হঠাৎ মিলের চলন্ত মেশিনে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। হালিমার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় জীবন বাঁচলেও ভারী কাজ করার ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলেন।

পরবর্তী সময়ে দৌলতপুর রেললাইনে মেয়েকে পাশে বসিয়ে কচুশাক বিক্রি শুরু করেন। এরপর বিভিন্ন মেসে ও হোটেলে দীর্ঘ ১০ বছর রান্নার কাজ করে কঠিন দিন পার করেন তিনি।

অসুস্থতার কারণে হালিমার শরীর আর খাটুনির উপযুক্ত ছিল না। ঠিক সেই সময়ে তার এই সংগ্রামের কথা জানতে পারে সামাজিক সংগঠন ‘ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট’ (আইসিডি)। আইসিডির বাস্তবায়নে এবং ‘LKMBI’-এর জাকাত ফান্ডের অর্থায়নে পরিচালিত বাঘবিধবাদের কর্মসংস্থান সহায়তা কর্মসূচির আওতায় কয়রার বাবু নিরঞ্জন ডাক্তার সড়কে তার জন্য প্রতিষ্ঠা করে দেওয়া হয় ‘শাহরিয়ার টি-স্টল’ নামের একটি চায়ের ও মুদি দোকান।

দোকানের আয় দিয়ে হালিমা আজ পুরোপুরি স্বাবলম্বী। কষ্টের টাকায় মেয়েকে বিয়ে দিয়েছেন, মেয়ে সুখে আছে। বর্তমানে নিজের দোকানের কাছেই একটি বাসা ভাড়া নিয়ে নিশ্চিন্তে বসবাস করছেন। সুবিধার জন্য কিনেছেন ফ্রিজ ও টেলিভিশন।

হালিমা খাতুন বলেন, একসময় মানবেতর জীবন কাটিয়েছি, কেউ খোঁজ নেয়নি। আজ নিজের উপার্জনে চলি, নিজস্ব বাসায় শান্তিতে থাকি। এখন আর কারও করুণার পাত্রী না হয়ে সমাজের চোখে সম্মান নিয়ে বেঁচে আছি।

আইসিডির প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান বলেন, কয়রায় ১৬৫ জনেরও বেশি বাঘবিধবা রয়েছেন। হালিমার অদম্য ইচ্ছায় তিনি আজ ঘুরে দাঁড়িয়েছেন। আমরা চাই এই গল্প অন্যদের অনুপ্রাণিত করুক। ইতোমধ্যেই আইসিডি শ্যামনগরে আরও ৩ জন বাঘবিধবাকে স্বাবলম্বী করে তুলেছে এবং বর্তমানে আরও ১১ জনের পুনর্বাসন ও আত্মকর্মসংস্থানের কাজ দ্রুতগতিতে চলছে।

কয়রা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বাঘবিধবা নারীদের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনতে সরকারি ভাতার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। হালিমার মতো স্বাবলম্বী নারীদের পাশাপাশি অন্যদেরও ক্ষুদ্রঋণ ও সরকারি সহায়তায় যুক্ত করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা