রাজশাহী অফিস
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১২:৫০ পিএম
ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহী সিটি করপোরেশনের নিজ দলের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রাজশাহী মহানগর জামায়াতের নায়েব আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী-২ (সদর) আসনের বিএনপির হেভিওয়েট প্রার্থী মিজানুর রহমান মিনুর কাছে মাত্র ২৮ হাজার ভোটে পরাজিত হন। নির্বাচনে মিজানুর রহমান মিনু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পান। বিপরীতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৩৭০ ভোট। পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ ডা. মোহাম্মদ জাহাঙ্গীর স্থানীয় চিকিৎসক মহলে সমাদৃত।
দলীয় একটি সূত্রের দেওয়া তথ্য মতে, দলীয় প্রার্থী ঘোষণার আগে চলতি বছরের শুরুতে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর অংশগ্রহণে ভোট অনুষ্ঠিত হয়। দলীয় সেই ভোটের ফলাফল কেন্দ্রে প্রেরণ করা হয়। গতকাল কেন্দ্র তাদের প্রার্থীর নাম ঘোষণা করে।