শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১২:৪৬ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় এক টমটম চালক নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় রহিছ আলী (৫০) নামে এক টমটম চালক নিহত হয়েছেন।
ঢাকা-সিলেট মহাসড়কের স্কয়ার গেট মসজিদের পাশে মঙ্গলবার বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে রহিছ আলী টমটম নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা-সিলেটগামী লেনে যাচ্ছিলেন।
এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ঢাকা
মেট্রো-ন-১৫-৭৩১৬ নম্বরের একটি পিকআপভ্যান টমটমটিকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটমটি
দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রহিছ আলী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে গুরুতর
আঘাতপ্রাপ্ত রহিছ আলী ঘটনাস্থলেই মারা যান।
মহাসড়কে বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে প্রায়ই
দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। তারা মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ
এবং চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর দাবি জানিয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের স্কয়ার গেট মসজিদের পাশে পিকআপের ধাক্কায় এক টমটম চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।