× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতের নির্দেশ অমান্য: দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১০:৫২ এএম

দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

আদালতের নির্দেশের পরও মামলা না নেওয়ার অভিযোগে ফেনীর দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ তদন্তের জন্য ফেনীর পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান গত ৯ আগস্ট এ আদেশ দেন। তবে মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। 

আদালতের আদেশে বলা হয়েছে, ফয়জুল আজিম তার কর্মকাণ্ডের মাধ্যমে থানার ওসির দায়িত্বে থাকার যোগ্যতা হারিয়েছেন।

ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার মোহাম্মদ শামছুদ্দীন জানান, দাগনভূঞার মোমারিজপুর গ্রামের বিবি মারজাহান শারীরিক নির্যাতনের শিকার হয়ে থানায় মামলা করতে গেলে ওসি তার লিখিত অভিযোগ গ্রহণ করেননি।

পরে তিনি আদালতে গেলে বিচারক ঘটনাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। অভিযোগ, সেই নির্দেশও বাস্তবায়ন করেননি ওসি, বলেন তিনি।

তিনি আরও বলেন, এরপর ভুক্তভোগী পুনরায় আদালতের শরণাপন্ন হলে বিচারক ওসিকে দায়িত্ব পালনে অযোগ্য উল্লেখ করে তাকে প্রত্যাহারের নির্দেশ দেন।

একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মোহাম্মদ শামছুদ্দীন।

স্থানীয় সূত্রের অভিযোগ, সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ, মামলা ও জিডি গ্রহণে অর্থ দাবি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ওসির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। এর আগে ২০১৯ সালে বিজয়নগর থানায় দায়িত্ব পালনকালে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়েছিল। সে সময় তার শয়নকক্ষের বিছানার নিচ থেকে ৩৫০টি ইয়াবা উদ্ধারের কথা জানানো হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন অভিযোগ করেন, ওসির মদদে দাগনভূঞায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ওসি ফয়জুল আজিম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই তিনি কাজ করেছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। 

আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন, আদালত কী নির্দেশ দিয়েছেন, সেটি আদালতের বিষয়।

এ বিষয়ে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা