রূপসা থানা। ফাইল ছবি
খুলনার রূপসায় ইটভাটায় ঢুকে ফখরুল শেখ (৩৫) নামে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে যুবদলের কর্মী ছিলেন।
চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার দুই মেয়ে রয়েছে।
স্বজনরা জানান, ইটভাটাটি ফখরুলদের। সেখানে চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে পাহারা দিতেন। মঙ্গলবার রাতেও তিনি ভাটায় অবস্থান করছিলেন।
রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সেখানে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায় বলেও দাবি করেন তারা।
গুলির শব্দ শুনে স্থানীয়রা ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পূর্ববিরোধ, রাজনৈতিক বিরোধ নাকি অন্য কোনো কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।