বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ২১:৩৪ পিএম
৫৪ বছর বয়সে এসএসসি পাস করা আলী আকবর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ছেলেকে চিকিৎসক ও মেয়েকে নার্স বানানোর পর এবার নিজের স্বপ্নও পূরণ করলেন ৫৪ বছর বয়সী আলী আকবর। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৩৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তিনি। যে বয়সে অনেকেই জীবনের হিসাব-নিকাশ গুছিয়ে বিশ্রামের কথা ভাবেন, সেই বয়সেই নতুন করে বই-খাতা হাতে তুলে নিয়ে নিজের অপূর্ণ স্বপ্নকে সত্যিতে রূপান্তর করলেন নাটোরের বাগাতিপাড়ার এই বাসিন্দা। ৫৪ বছর বয়সে তার এসএসসি পাসের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ ও প্রশংসা।
আলী আকবর বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার মোল্লা শেখ খোকার ছেলে। চাকরির সুবাদে দীর্ঘদিন রাজশাহীতে বসবাস করছেন। সেখানকার নওহাটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাই স্কুলের কারিগরি শাখা থেকে এ বছর আলী আকবর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪.৩৫ অর্জন করেন। তবে এই সাফল্যের পেছনের গল্পটি শুধু একটি পরীক্ষায় ভালো ফল করার নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দারিদ্র্য, দায়িত্ব, ত্যাগ এবং দীর্ঘদিন বুকের মধ্যে লালন করা একটি অপূর্ণ স্বপ্ন।
অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে আলী আকবর ছোটবেলায় পরিবারের অভাব-অনটনের কারণে লেখাপড়া চালিয়ে যাওয়ার সুযোগ পাননি। পরিবারের হাল ধরতে গিয়ে অল্প বয়সেই স্কুল ছেড়ে দিতে হয়। এরপর বিয়ে, সংসার এবং সন্তানদের ভবিষ্যৎ-একটির পর একটি দায়িত্ব এসে কাঁধে চাপে।
এক মেয়ে ও এক ছেলেকে পড়াশোনা করাতে গিয়ে একপর্যায়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতালে কর্মচারী পদে চাকরি নেন। নিজের স্বপ্নকে পাশে সরিয়ে রেখে সন্তানদের প্রতিষ্ঠিত করাই ছিল তার লক্ষ্য। তার সেই স্বপ্নও পূরণ হয়েছে। বড় মেয়ে নার্সিং পেশায় যুক্ত হয়েছেন। ছোট ছেলে ইসমাইল হোসেন এমবিবিএস পাস করে বর্তমানে সরকারি চিকিৎসক হিসেবে কর্মরত।
আলী আকবর বলেন, “ছোটবেলায় অভাবের কারণে পড়াশোনা করতে পারিনি। সন্তানরা প্রতিষ্ঠিত হওয়ার পর মনে হলো, জীবনে আরেকবার চেষ্টা করা দরকার। তাই বয়সের কথা না ভেবে পড়াশোনা শুরু করি। আলহামদুলিল্লাহ, প্রথমবারেই এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছি।”
বাবার এই সাফল্যে গর্বিত ছেলে ইসমাইল হোসেনও। তিনি বলেন, “বাবা মাঝে মাঝে বলতেন, তার পড়াশোনার খুব ইচ্ছা ছিল। কিন্তু পারিবারিক অভাব-অনটন এবং আমাদের প্রতিষ্ঠিত করার জন্য তিনি নিজে শিক্ষিত হওয়ার ইচ্ছাকে বিসর্জন দিয়েছিলেন। বাবার সেই অপূর্ণ ইচ্ছাকে আমরা গুরুত্ব দিয়ে তাকে স্কুলে ভর্তি করাই। তিনি এবার এসএসসি পাস করেছেন। এবার তাকে উচ্চমাধ্যমিকে ভর্তি করানোর পরিকল্পনা রয়েছে।”