বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ২০:৪৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৬ ২০:৫০ পিএম
হামলায় বাসের চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ছবি: ভিডিও থেকে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বনদক্ষিণ বাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে বাসটির চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জগামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালীগঙ্গা বাসটি মঙ্গলবার বিকালে সিংগাইরের বনদক্ষিণ বাজার এলাকায় পৌঁছালে এ হামলার ঘটনা ঘটে।
জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি, চালকসহ অনেকেই আহত হয়েছেন। একজন শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন”।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন,“সিংগাইর সড়কের আগে একটি দুর্ঘটনা ঘটেছিল। তবে ওই দুর্ঘটনার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটি জড়িত নয় বলে পুলিশ নিশ্চিত হয়েছে। স্থানীয়রা ভুল ধারণা থেকে বাসটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে”।
তিনি আরও বলেন, “আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর তার সঙ্গে যোগাযোগ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করলে তা গ্রহণ করা হবে”।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক তারেক বিন আতিক বলেন, “সাভারের বনদক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় আমাদের একটি বাসের শিক্ষার্থীদের সঙ্গে এক অটোরিকশাচালকের কথা-কাটাকাটি হয়। পরে বাসটি সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর পেছনে থাকা কালীগঙ্গা বাসে ওই অটোরিকশাচালক কয়েকজনকে নিয়ে হামলা চালায়”।
তিনি জানান, হামলায় বাসের চালকসহ প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।