প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ২০:২৯ পিএম
কুমিল্লার দাউদকান্দিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন কথা বলেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশ ও জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকার বিরামহীন কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
তিনি বলেন, ‘দাউদকান্দি নৌবন্দর’ স্থাপন হবে—বর্তমান সরকারের উন্নয়নের একটি বিশাল মাইলফলক।
কুমিল্লার দাউদকান্দিতে আধুনিক নৌবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে বিআইডব্লিউটিএর উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার গোমতী নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন মারুফ হোসেন।
ড. খন্দকার মারুফ বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ হবে- উন্নয়নের রোলমডেল। আর এই উন্নয়ন বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় তিনি দাউদকান্দিতে আসা বিআইডব্লিউটিএর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে আন্তরিক অভিনন্দন জানান। প্রতিনিধি দলটি দাউদকান্দির গোমতী নদীর তীরবর্তী প্রায় এক কিলোমিটার এলাকা সরেজমিনে পরিদর্শন করে আধুনিক নৌবন্দর স্থাপনের সম্ভাব্যতা যাচাই করেন। তারা নদীর নাব্যতা, অবকাঠামোগত সুবিধা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যৎ বন্দরের সম্ভাব্য স্থানগুলো পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।
বিগত সরকারের সমালোচনা করে ড. খন্দকার মারুফ বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের রেখে যাওয়া ধ্বংসাবশেষে দাঁড়িয়ে তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, সেই লক্ষ্যেই তিনি অবিরাম কাজ করছেন। তার ডায়নামিক নেতৃত্বে আগামী দিনে এই দেশটি হবে— বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল।”
তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ৬ মাসে দেশ ও জনগণের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং সিদ্ধান্ত গ্রহণ করে আপামর মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এটি আজ প্রমাণিত যে, বাংলাদেশের উন্নয়ন ও রাজনীতিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই। তিনিই পারবেন একটি সুখী, সমৃদ্ধ, নিরাপদ, উন্নত দেশ গড়ে তুলতে।