বাগেরহাট প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৯:৪৫ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৬ ১৯:৪৭ পিএম
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল চত্বরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে মঙ্গলবার একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল চত্বরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগে।
পরে আগুন ছড়িয়ে পড়ে পাশে রাখা কয়েকটি মোটরসাইকেলে।
এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক দগ্ধ হয়েছেন।
তবে কোনো রোগী, চিকিৎসক কিংবা হাসপাতালের কর্মীর হতাহতের খবর পাওয়া যায়নি।
হাসপাতালের প্রধান গেটের কাছে মঙ্গলবার দুপুরে এ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে হাসপাতাল চত্বরে থাকা একটি অ্যাম্বুলেন্স থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে অ্যাম্বলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তা পাশের মোটরসাইকেলগুলোতে ছড়িয়ে পড়ে। এতে আটটি মোটরসাইকেল পুড়ে যায়। আগুনের ঘটনায় হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুরজ্জামান বলেন, আগুন লাগার খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, অ্যাম্বুলেন্স থেকে আগুনের সূত্রপাত হয়ে হাসপাতালের গেটে থাকা আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। এর মধ্যে হাসপাতালের কর্মচারীদের মোটরসাইকেলও রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে এ ঘটনায় রোগীদের কোনো ক্ষতি হয়নি।
অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাদ। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অগ্নিকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।