বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৮:৩৫ পিএম
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় মঙ্গলবার নাইট্রোজেনবাহী একটি কন্টেইনার থেকে বিকট শব্দে আকস্মিক গ্যাস লিক হয়ে তা বাতাসে মিশে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় নাইট্রোজেনবাহী একটি কন্টেইনার থেকে বিকট শব্দে আকস্মিক গ্যাস লিক হয়ে তা বাতাসে মিশে গেছে।
এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান।
যশোর বেনাপোল থেকে ঢাকাগামী কন্টেইনারটি বনপাড়া-ঢাকা মহাসড়কের বনপাড়া মোল্লা হোটেলের সামনে পৌঁছালে মঙ্গলবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গ্যাস লিক হওয়ার সময় পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিরাপদ স্থানে সরে যায়। এ সময় ঘন ধোঁয়ার কারণে মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো সাময়িকভাবে থেমে যায়। পরে ধোঁয়া কমে এলে পুনরায় যান চলাচল শুরু হয়।
বনপাড়া মোল্লা হোটেলের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ মোল্লা জানান, সকালের নাস্তা করার জন্য নাইট্রোজেনবাহী কন্টেইনারটি মহাসড়কের পাশে পার্কিং করে চালক ও তার সহকারী হোটেলে আসেন। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে সাদা ধোঁয়ার মতো নাইট্রোজেন গ্যাস বের হতে শুরু করে এবং প্রায় ২০০ গজ এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। মাত্র ২০ মিনিটের মধ্যে সব গ্যাস বাতাসে মিলিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস এসে খালি কন্টেইনারটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়। কোনো ঝুঁকি না থাকায় পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করে তারা স্থান ত্যাগ করেন। তবে এ বিষয়ে কন্টেইনারের চালক কোনো তথ্য দিতে রাজি হননি। তিনি খালি কন্টেইনারটি নিয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।