প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৭:১৯ পিএম
অসিত কুমার রায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাদক সংশ্লিষ্টতার কারণে প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশের পর ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায়কে প্রত্যাহার কর হয়েছে।
ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন হাছান মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিদর্শক অসিত কুমারকে পরবর্তীতে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
এর আগে গত ১০ আগস্ট ‘হরিণাকুণ্ডুতে মাসোহারায় মাদকের কারবার’ শিরোনামে প্রতিদিনের বাংলাদেশে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরপরই অসিত কুমার রায়কে থানা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন হাছান বলেন, “প্রত্যাহার করা ওই কর্মকর্তার বিষয়ে গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বেশ কিছু তথ্য আমাদের কাছে এসেছে। এজন্য তাকে আপাতত প্রত্যাহার করা হয়েছে”।
তিনি আরও বলেন, “নির্দিষ্ট কারণ অনুসন্ধান না করে আমরা আপাতত তার বিরুদ্ধে কোনো মন্তব্য করতে পারছি না। তবে তাকে নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে”।
তবে পুলিশের একটি সূত্র দাবি করেছে, মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অসিত কুমার রায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পরই তাকে দ্রুত পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।