সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৬:৩৭ পিএম
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর অসুস্থতার সুযোগ নিয়ে গলায় রামদা ধরে বাড়িসহ সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় এমপির তিন সৎ ভাইসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন তার স্ত্রী পারভিন আক্তার।
সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার মামলাটি দায়ের করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
মামলার প্রধান আসামিরা হলেন—নাছির উদ্দিন চৌধুরীর সৎ ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক, মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরী।
মামলার অন্য আসামিরা হলেন—দিরাই উপজেলার মাতারগাঁওয়ের আমিরুল ইসলাম, পুরাতন কর্ণগাঁওয়ের ছয়ফুল চৌধুরী, দলিল লেখক মুজিবুর রহমান, তাজুল ইসলাম এবং মোহরার মমতাজ বেগম।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, নাছির উদ্দিন চৌধুরীর দুই স্ত্রী ও সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করে তা আত্মসাতের উদ্দেশ্যে আসামিরা দীর্ঘদিনের পরিকল্পনা করেন। এর অংশ হিসেবে ২০২২ সালের ২৫ জানুয়ারি দিরাই সাব-রেজিস্ট্রি অফিসের দুই কর্মচারীকে অফিসার সাজিয়ে অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম নাছির চৌধুরীর বাড়িতে নেওয়া হয়। সেখানে তাকে দলিলে স্বাক্ষর করতে বললে তিনি অসম্মতি জানান।
অভিযোগে আরও বলা হয়, ওই সময় আসামিরা নাছির উদ্দিন চৌধুরীর গলায় রামদা ধরে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক স্বাক্ষর আদায় করেন। এতে বাধা দিতে গেলে তার অপর স্ত্রী শেলী চৌধুরীকেও লাঞ্ছিত ও খুনের হুমকি দেওয়া হয়। এ সময় নাছির চৌধুরীর এক সমর্থক বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া ২০২২ সালের জানুয়ারি মাসেই দিরাইয়ের বাড়িতে গেলে পারভিন আক্তারকেও মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পারভিন আক্তারের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী কাওছার আলম। আদালতের পেশকার মুহিত লাল চন্দ মিঠু জানান, বিচারক মো. জসিম মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিষয়টি জানার পর আইনিভাবেই জবাব দেবেন বলে জানিয়েছেন এমপি নাছির চৌধুরীর ছোট ভাই মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী)।