× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

ইবি প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৪:১৩ পিএম

  ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বহাল রাখার দাবিতে এবং ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রস্তাবিত সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘চাচা না চাকরি, চাকরি চাকরি’, ‘মেধা না চাকরি, চাকরি চাকরি’, ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা’, ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, জমিয়তে তালাবিয়া আরাবিয়া, জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, এনটিআরসিএর কেন্দ্রীয় সুপারিশের মাধ্যমে শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। এর পরিবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া হলে স্বজনপ্রীতি, অনিয়ম, দুর্নীতি ও টাকার বিনিময়ে নিয়োগের সুযোগ তৈরি হতে পারে। তাই তারা এনটিআরসিএর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের বর্তমান ব্যবস্থা বহাল রাখার দাবি জানান।

জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, এনটিআরসিএ থেকে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার একটি রেজুলেশন প্রকাশের পর শিক্ষামন্ত্রীর ফেসবুক পেজে অ্যাডমিনের মাধ্যমে এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে প্রকাশিত রেজুলেশনের গুরুত্ব বেশি নাকি ফেসবুক পোস্টের- এটি স্পষ্ট করতে হবে। বিষয়টি ঝুলিয়ে না রেখে আগের রেজুলেশনের মতো লিখিতভাবে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি। ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা গেলে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি হবে এবং এতে শিক্ষাব্যবস্থার ক্ষতি হবে বলেও মন্তব্য করেন তিনি। 

ইবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাহীম বলেন, ২০১৮ সালের আন্দোলনের মাধ্যমে ম্যানেজিং কমিটির নিয়োগ প্রথা বিলুপ্ত করা হয়েছিল। তিনি কোনো ম্যানেজিং কমিটির মাধ্যমে স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগ না দিয়ে এনটিআরসিএর মাধ্যমে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা বহাল রাখার দাবি জানান। প্রয়োজনে আইন করে স্থায়ীভাবে এনটিআরসিএর হাতেই নিয়োগ প্রক্রিয়া রাখার দাবি জানিয়ে তিনি বলেন, আগে প্রধান শিক্ষক ও প্রিন্সিপাল নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা থাকায় রাজনৈতিক প্রভাব, তদবির ও দুর্নীতির সুযোগ তৈরি হয়েছিল। তাই নিয়োগ প্রক্রিয়া ঘুষ ও দুর্নীতিমুক্ত করতে হবে এবং ছাত্রসমাজকে সরকারের কার্যক্রমের বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এসএম সুইট বলেন, এনটিআরসিএর নিয়োগ ব্যবস্থায় প্রস্তাবিত পরিবর্তন বাতিল না করলে দেশের ছাত্র-জনতা তা মেনে নেবে না। আগামি ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানান তিনি।

উল্লেখ্য, সোমবার বেসরকারি স্কুল-কলেজে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং এর ফলে এনটিআরসিএ আর শিক্ষক নিয়োগের সুপারিশ করতে পারবে না- এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানান।

তবে বিষয়টি নিয়ে পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, এনটিআরসিএর কাস্তর্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনা অব্যাহত রয়েছে। এ বিষয়ে কোনো অপতথ্য প্রচার না করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা