ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৩:৪৬ পিএম
প্রতীকী ছবি।
কুষ্টিয়ার ভেড়ামারায় তানিয়া জাহান (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সোমবার রাত ১১টার পর তার মরদেহ উদ্ধার করা হয়।
তানিয়া ওই এলাকার প্রবাসী আক্তারুল হকের মেয়ে এবং বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মানবিক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রী।
চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল সে।
পরিবার জানায়, সোমবার রাতে তানিয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছোট বোন সাদিয়াকে পড়াচ্ছিল। সাদিয়া ঘুমিয়ে পড়লে তানিয়া নিজের কক্ষে চলে যায়। এর কিছুক্ষণ পর বাড়িতে বিদ্যুৎ চলে যায়।
বিদ্যুৎ আসার পর তানিয়াকে খাবারের জন্য ডাকেন তার মা কবিতা খাতুন। কোনো সাড়া না পেয়ে কক্ষে গিয়ে তিনি তানিয়াকে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় তাকে নিচে নামানো হয়। বাড়িতে চিকিৎসক ডেকে আনা হলে তিনি তানিয়াকে মৃত ঘোষণা করেন।
তানিয়ার মা কবিতা খাতুন জানান, সন্ধ্যার পর থেকে তারা একসঙ্গেই ছিলেন। মেয়েকে এমন অবস্থায় দেখতে হবে, তা তিনি কল্পনাও করেননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম জানান, তানিয়া গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি। এ বছর পরীক্ষায় অংশ নিয়ে দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।