কয়রা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৩:১৬ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৬ ১৩:১৯ পিএম
কয়রার হাতিয়ার ডাঙা বালিকা বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনা জেলার কয়রা উপজেলার হাতিয়ার ডাঙা বালিকা বিদ্যালয়ে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয়ের ঘটনা ঘটেছে।
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত মাত্র ৮০ জন শিক্ষার্থীর এই বিদ্যালয়ে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেন মাত্র ৫ জন ছাত্রী। তাদের পাঠদান ও প্রশাসনিক দেখভালের দায়িত্বে ছিলেন ৮ জন শিক্ষক ও ৪ জন কর্মচারীসহ মোট ১২ জন জনবল। তবে পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, ৫ জনের মধ্যে পাস করেছেন মাত্র ১ জন ছাত্রী- যার পাসের হার ২০ শতাংশ।
বিশাল জনবল ও সরকারি সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও এমন ফলাফলে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০০৪ সালে এমপিওভুক্ত হয়। পর্যাপ্ত শিক্ষক থাকা সত্ত্বেও এমন ফলে তদারকি ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।
একমাত্র পাস করা ছাত্রী মুন্নি খাতুন বলেন, আমাদের ক্লাসে নিয়মিত পড়াশোনা ও উপস্থিতির অনেক ঘাটতি ছিল। বান্ধবীদের অনেকে আসা বন্ধ করে দিয়েছিল, দু-একজনের বিয়েও হয়ে যায়। শিক্ষকদের কাছ থেকে যতটা সম্ভব সহযোগিতা নিয়ে আমি একা একাই চেষ্টা চালিয়ে গেছি। কষ্ট হলেও পাস করতে পেরে খুব ভালো লাগছে, তবে বান্ধবীদের সবাই ফেল করায় মনটা ভীষণ খারাপ।
ফলাফলের দায় স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার বৈরাগী বলেন, আমাদের ১২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। এ বছরের ব্যাচটি পড়াশোনায় দুর্বল ও অনিয়মিত ছিল। ৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন পাস করেছে এবং ২-৩ জন ছাত্রী বাল্যবিয়ের শিকার হয়ে ঝরে পড়েছে। গত বছর ১০ জনে ৯ জন পাস করলেও এবার ফল হতাশাজনক। এ ফলাফলের দায় স্বীকার করে আমরা দুঃখ প্রকাশ করছি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আশা অনুযায়ী ফল না হওয়ার পেছনে সামগ্রিক ঘাটতি রয়েছে। আমার প্রশাসনিক তদারকিতেও কিছু ত্রুটি থাকতে পারে, যা অস্বীকার করার উপায় নেই। শিক্ষার মান ফেরাতে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে এবং শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে। আগামিতে কড়া নজরদারি ব্যবস্থা চালু করা হবে।
স্থানীয় অভিভাবকদের অভিযোগ, উপকূলীয় এলাকায় অর্থনৈতিক সংকট ও বাল্যবিয়ের হারের পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের অবহেলা ও মনিটরিংয়ের অভাবেই শিক্ষার মান তলানীতে গিয়ে ঠেকেছে।