আবদুল্লাহ আল-মামুন, ফেনী
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১২:৪৭ পিএম
ফেনী-বিলোনিয়া রেলপথের বর্তমান হাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দীর্ঘদিন বন্ধ থাকার সুযোগে অবৈধ দখলবাজদের দখলে চলে গেছে ফেনী-বিলোনিয়া রেলপথের বেশিরভাগ অংশ।
রেললাইনের ওপরই গড়ে উঠেছে হাট-বাজার, পাকা-আধাপাকা দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রশাসনিক উদাসীনতায় রেলওয়ের মূল্যবান সম্পত্তি বেদখল হয়ে যাওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ এই ঐতিহ্যবাহী রেললাইনের অনেক স্থান এখন অস্তিত্ব সংকটে। লাইনের স্লিপার ও লোহার পাত তুলে নিয়ে বসানো হয়েছে দোকানপাট। রেললাইনের ওপর মাটি ও ইট বিছিয়ে পাকা রাস্তা বানিয়ে ব্যবসায়িক কার্যক্রম চালানো হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ১৯২৯ সালে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি ফেনী থেকে বিলোনিয়া পর্যন্ত ২৭ কিলোমিটার দৈর্ঘ্যের এ রেলপথ চালু করে। তবে লোকসানের অজুহাতে ১৯৯৭ সালের ১৭ আগস্ট এটি বন্ধ ঘোষণা করে সরকার। পরে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রেলওয়ের জায়গা দখল করে পাকা ও সেমিপাকা অবকাঠামো গড়ে তুলেছেন স্থানীয় প্রভাবশালী ও ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, নিয়মিত তদারকি না থাকায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনির্দিষ্ট নজরদারির অভাবে দিন দিন রেলের জমি ও বিভিন্ন ধরনের সম্পত্তি বেদখল হয়ে গেছে।
ব্যবসায়ী ও দোকানদাররা বলেন, দীর্ঘদিন ধরে লাইনটি অব্যবহৃত থাকায় তারা দোকান বসিয়ে ব্যবসা করছেন, তবে সরকার যদি আবার রেলপথ চালুর উদ্যোগ নেয় বা উচ্ছেদ অভিযান চালায়, তারা জায়গা ছেড়ে দেবেন।
রেলওয়ে কর্তৃপক্ষের দেওয়া তথ্য বলছে, ফেনী-বিলোনিয়া সীমান্ত এলাকার কাছে বিলোনিয়া স্থলবন্দর অবস্থিত। এই রেলপথটি পুনরায় চালু করা গেলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব অর্জন করতে পারবে।
কৃষি ইজারাদার আবুল হোসেন বলেন, রেলের পরিত্যক্ত জায়গায় অনেকেই অনেক কিছু করেছে। কৃষি লিজ নিয়ে আমরা ছোটখাটো কিছু করে জীবন যাপন করছি। পরিত্যক্ত জায়গায় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করে অনেকে স্বাবলম্বী হচ্ছে।
দোকানদার আবদুল আউয়াল বলেন, রেলের জায়গায় অনেকেই দোকান বসিয়েছে, আমিও দোকান দিয়েছি। এর জন্য প্রত্যেক মাসে নয় হাজার টাকা করে ভাড়া দিতে হয়।
দখলের বিষয়ে ক্ষুব্ধ বাসিন্দা শাহেদ হোসেন বলেন, মাইলের পর মাইল রেললাইন, এমনকি স্লিপার পর্যন্ত মানুষ নিয়ে গেছে। এসব নৈরাজ্যের মধ্যে আমরা বসবাস করছি ভাই! এই যে আমাদের রেললাইন কর্তৃপক্ষ, আমাদের পাশেই আছে-তাদের নাকের ডগায় এসব চলতেছে।
ফেনী রেলওয়ের কানুনগো বিপ্লব কুমার রায় বলেন,
অবৈধ দখলদারদের তালিকা আমরা নিয়মিতভাবে তৈরি করছি। কৃষির জমিতে যদি বাণিজ্যিক স্থাপনা বা নির্মাণকাজ করা হয়ে থাকে, তবে তা সরাসরি ইজারার বা লাইসেন্সের শর্ত ভঙ করে। আর শর্তভঙ্গের বিষয়গুলো বিবেচনা করে রেলওয়ের ম্যানুয়েল এবং প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট অবৈধ দখলদার ও স্থাপনার বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে জমি পুনরুদ্ধারে প্রশাসনিক সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ গ্রহণই এখন সময়ের দাবি। পরিত্যক্ত এই রেলপথটি উদ্ধার করে পুনরায় ট্রেন চলাচল চালু করার বা বিকল্প উপায়ে সরকারি সম্পদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।