শাহরাস্তি (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১২:৩৫ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৬ ১২:৩৫ পিএম
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
তাতক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে বাসটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় ও বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুসময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এখন পর্যন্ত ৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।