× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড়ের কোল ঘেঁষে দুই দশকের নীরব বিপর্যয়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১১:৫০ এএম

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া এলাকায় ময়লার ভাগাড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া এলাকায় ময়লার ভাগাড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

একদিকে সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি সবুজ পাহাড়, অন্যদিকে মানবসৃষ্ট আবর্জনার বিশাল স্তূপ- এই দুইয়ের এক বেদনাদায়ক বৈপরীত্য চিত্র আজ স্পষ্ট হয়ে উঠেছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া এলাকায়।

প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ের পাদদেশ-খ্যাত এই জনপদে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে দিন দিন পরিবেশের ভারসাম্য যেমন মারাত্মকভাবে নষ্ট হচ্ছে, তেমনি এটি পরিণত হয়েছে এক বিশাল জনস্বাস্থ্য ও পরিবেশগত মৃত্যুফাঁদে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি জবরদখল করে গড়ে ওঠা প্রায় দুই দশকের এই স্থায়ী ভাগাড় আজ স্থানীয় হাজারো মানুষের স্বাভাবিক জীবনযাত্রার জন্য এক মারাত্মক ও অসহনীয় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

দীর্ঘ প্রায় দুই যুগ ধরে কার্যকর কোনও বর্জ্য ব্যবস্থাপনা বা স্থায়ী ডাম্পিং স্টেশন গড়ে না ওঠায় পাহাড়ঘেঁষা এই শান্ত জনপদটি আজ আক্ষরিক অর্থেই ময়লার পাহাড়ে রূপ নিয়েছে।

প্রতিদিন সীতাকুণ্ড পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দাদের গৃহস্থালি বর্জ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ডজনখানেক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ঝুঁকিপূর্ণ ইনফেকটেড মেডিক্যাল বর্জ্য, স্থানীয় হাটবাজার, হোটেল-রেস্তোরাঁ, পোলট্রি ও ক্যাটল ফার্মের বর্জ্য এবং মৃত পশুর দেহ পর্যন্ত নির্বিচারে ফেলা হচ্ছে এই ভাগাড়ে।

পলিথিন, প্লাস্টিক এবং পচনশীল বর্জ্যের বিশাল স্তূপ থেকে প্রতিনিয়ত তীব্র দুর্গন্ধ ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ছে। পচে যাওয়া এসব বর্জ্যের বিষাক্ত বাতাসে চারদিকে ছড়িয়ে পড়া দূষণের কারণে শত শত পরিবার দীর্ঘদিন ধরে ধোঁয়া, মশা ও ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে অসুস্থ জীবনের সঙ্গে আপোস করে বসবাস করছে।

পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি ঢাল ও সংলগ্ন জনপদে এ ধরনের ক্ষতিকর ও অপরিকল্পিত বর্জ্য ফেলার কারণে বর্ষা মৌসুমে বৃষ্টির পানির সঙ্গে ময়লা ধুয়ে চারপাশের প্রাকৃতিক ছড়া, ঝরনা ও নিচু কৃষিজমিতে মিশে যাচ্ছে। এতে একদিকে যেমন পাহাড়ি ঝরনার সুপেয় পানি ও উর্বর মাটি মারাত্মকভাবে দূষিত হচ্ছে, অন্যদিকে স্থানীয় জলজ প্রাণী, হরেক রকম পাখি ও উদ্ভিদের জীবনচক্র চরম হুমকির মুখে পড়ছে। এছাড়া মশা-মাছি ও ইঁদুরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এলাকায় মারাত্মক রোগবালাই ছড়িয়ে পড়ার স্থায়ী ক্ষেত্র তৈরি হয়েছে। 

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, এই উন্মুক্ত বর্জ্য থেকে প্রতিনিয়ত ডায়রিয়া, হেপাটাইটিস, টাইফয়েড, ডেঙ্গু ও মারাত্মক চর্মরোগসহ বিভিন্ন সংক্রামক ব্যাধি ছড়াচ্ছে। এর সরাসরি ও সুদূরপ্রসারী ক্ষতিকর প্রভাব পড়ছে এলাকার শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের শারীরিক সুস্থতার ওপর।

শেখপাড়ার ভুক্তভোগী সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় যেখানে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সবচেয়ে বেশি সচেষ্ট থাকার কথা, সেখানে পাহাড়ের কোল ঘেঁষে এভাবে লোকালয়ে ময়লার ভাগাড় গড়ে তোলা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। 

পৌরবাসীদের দীর্ঘদিনের অভিযোগ, বিগত বছরগুলোতে একের পর এক মেয়র ও প্রশাসক এসেছেন এবং দায়িত্ব পালন করে গেছেন, কিন্তু কেউই একটি পরিকল্পিত ও স্বাস্থ্যসম্মত ডাম্পিং স্টেশন গড়ে তোলার কার্যকর উদ্যোগ নেননি।

তাদের অভিযোগ, সংবাদমাধ্যমে এ বিষয়ে শত শত প্রতিবেদন প্রকাশিত হলেও দায়িত্বশীলরা বিষয়টিকে কখনওই গুরুত্বের সঙ্গে আমলে নেননি। উন্নয়নমূলক কাজের বড় বড় ছবি ও প্রচারের রাজনীতি চললেও সাধারণ মানুষের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার মতো মৌলিক কাজটি কেউ করেননি। 

বর্তমানে সীতাকুণ্ড পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম। তিনি এই ভাগাড়ের ভয়াবহতা ও জনদুর্ভোগের বিষয়টি উপলব্ধি করলেও পুরো প্রক্রিয়াটি বর্তমানে সিদ্ধান্তহীনতায় আটকে আছে। তার ভাষ্যমতে, পৌরসভার নিজস্ব কোনও জায়গা নেই, খাস জমিও মেলে না, আবার নতুন করে জমি কিনতে গেলে পৌরসভার কোষাগারে বড় ধরনের আর্থিক চাপ পড়বে। 

প্রশাসনের এমন দায়িত্বশীল পদের নির্বিকার বক্তব্যে পৌরবাসী চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ। স্থানীয়দের প্রশ্ন- পৌরসভার নিজস্ব তহবিল বা পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকলে কেন দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জরুরি চিঠি দিয়ে বিষয়টি জানানো হলো না? কেন জনগণের প্রাণরক্ষার মৌলিক দাবিতে পৌর প্রশাসক এতটা নীরব ভূমিকা পালন করছেন? 

পরিবেশবাদী ও নগর পরিকল্পনাবিদদের মতে, এমন একটি জরুরি ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোনোভাবেই দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। পৌর প্রশাসক চাইলে তাৎক্ষণিক ও অস্থায়ী বিকল্প হিসেবে কোনো খালি জায়গা ব্যবহার করে অন্তত লোকালয় ও পাহাড়ের কোল থেকে এই ভাগাড় সরিয়ে নিতে পারেন। একইসঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার একটি সুনির্দিষ্ট ও আধুনিক পরিকল্পনা তৈরি করে দ্রুত মন্ত্রণালয়ে পাঠানো যেতে পারে, যা সম্পূর্ণভাবে তার প্রশাসনিক এখতিয়ারের মধ্যেই পড়ে।

পরিবেশ সুরক্ষা ও প্রকৃতির এই নীরব বিপর্যয় রোধে অবিলম্বে শেখপাড়া এলাকা থেকে অবৈধ ময়লার এই বিশাল স্তূপ অপসারণ এবং কঠোর নজরদারির জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। দীর্ঘ দুই দশক ধরে চলা এই তীব্র জনদুর্ভোগের অবসান ঘটিয়ে পৌর প্রশাসক ফখরুল ইসলাম জনস্বাস্থ্য রক্ষায় কোনো সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত নেবেন, নাকি অতীতের মতো দীর্ঘসূত্রিতা ও দায়িত্বহীনতার ধারাবাহিকতা বজায় রাখবেন- সীতাকুণ্ড পৌরসভার শত শত পরিবার এখন সেই সিদ্ধান্তেরই অপেক্ষায় দিন কাটাচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা