নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১০:১৮ এএম
বাবার সাথে আবতাহি উদ্দিন লাবিব। ফাইল ছবি
বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার শেষ বিষয়ে অংশ নেওয়া নোয়াখালীর শিক্ষার্থী আবতাহি উদ্দিন লাবিব এবার গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।
শোককে শক্তিতে পরিণত করে পরীক্ষায় অংশ নেওয়া লাবিবের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পাশাপাশি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে নোয়াখালী জিলা স্কুল থেকে ২৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩১ জন জিপিএ-৫ অর্জন করে। তাদের মধ্যে একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবতাহি উদ্দিন লাবিব।
এর আগে গত ২০ মে জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষার দিন বাবার মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষাকেন্দ্রে গিয়েছিল সে। সেদিনই ছিল এসএসসির শেষ পরীক্ষা। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার জানাজা ও দাফনে অংশ নেয় লাবিব। ঘটনাটি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
জানা যায়, লাবিবের বাবা মফিদুল আলম চাটখিল মহিলা ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। ১৯ মে রাতে ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৪ বছর।
পরিবারের সদস্যরা জানান, সন্তানের ভালো ফলাফল ও উচ্চশিক্ষা ছিল মফিদুল আলমের সবচেয়ে বড় স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই গভীর শোকের মধ্যেও পরীক্ষায় অংশ নিয়েছিল লাবিব। আজকের এই ফলাফল বাবার প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধারই বহিঃপ্রকাশ।
লাবিবের এই অর্জনে নোয়াখালীর শিক্ষাঙ্গনে প্রশংসার পাশাপাশি আবেগঘন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লক্ষ্য অর্জনের এই গল্প ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য সাহস ও প্রেরণার উৎস হয়ে থাকবে।
ফলাফল প্রকাশের পর আবেগাপ্লুত লাবিব বলেন, “বাবা সব সময় চাইতেন আমি ভালো ফল করি। পরীক্ষার সময় বাবাকে হারানো আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল। কিন্তু বাবার স্বপ্ন পূরণের কথা ভেবেই নিজেকে সামলে পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আজ গোল্ডেন জিপিএ-৫ পেয়েছি, কিন্তু বাবা পাশে নেই। তিনি ফলাফল পেলে খুব খুশি হতেন।”
নোয়াখালী জিলা স্কুলের এক শিক্ষক বলেন, “লাবিব শুরু থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। ব্যক্তিগত জীবনের এত বড় শোককে জয় করে পরীক্ষায় অংশ নেওয়া এবং গোল্ডেন জিপিএ-৫ অর্জন করা তার অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয়।”
এদিকে লাবিব ফলাফল প্রকাশের পর নিজের ফেসবুক আইডিতে এক আবেগঘন স্ট্যাটাসে বাবাকে স্মরণ করে লিখেছে, “আজকের দিনে যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার বাবাও নিজের আইডি থেকে পোস্ট করে বলতেন, আমার ছেলে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে।”
“আমার বাবা খুবই সহজ সরল একজন মানুষ ছিলেন। নিজের যে কোনো ছাত্র-ছাত্রীর ফলাফল গর্বের সাথে সকলকে বলতেন ঠিক যেন নিজেরই ছেলে মেয়ে। কিন্তু কখনও আমাদেরকে নিয়ে বলার সুযোগ হয়নি আমার বাবার। আজ যখন সেই সুযোগটা হলো সেই সময় আর আমার বাবা বেঁচে রইলেন না। তাই ভালো রেজাল্ট হওয়ার পরেও মনের মধ্যে কেমন যেন এক নীরব ব্যথা কাজ করছে।”
“আপনারা সবাই আমার জন্য, আমার বাবার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং আমি যেন বড় হয়ে আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারি ইনশাল্লাহ্।”
লাবিবের এই আবেগঘন স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তার প্রতি সমবেদনা জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তার এই সাফল্যকে প্রয়াত বাবার স্বপ্নপূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।
চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ বলেন, “মফিদুল আলম স্যারের সবচেয়ে বড় স্বপ্ন ছিল সন্তানের সাফল্য। লাবিবের এই অর্জন নিঃসন্দেহে তার বাবার স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “লাবিবের এই সাফল্য শুধু একটি ভালো ফলাফল নয়, এটি অধ্যবসায়, দায়িত্ববোধ ও মানসিক শক্তির এক অনন্য উদাহরণ। বাবাকে হারানোর গভীর শোকের মধ্যেও সে যে ধৈর্য ও সাহস দেখিয়েছে, তা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার হয়ে থাকবে।”