× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে অগ্নিকাণ্ড

১৭ পরিবারের স্বপ্নগুলো পুড়ে ছাই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২২:৪৯ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৬ ২২:৪৯ পিএম

নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত মোহন ও সুমনের ছবি দেখাচ্ছেন বাবা গুফফার প্রামাণিক। পাশেই কান্না করছিলেন মা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামে সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত মোহন ও সুমনের ছবি দেখাচ্ছেন বাবা গুফফার প্রামাণিক। পাশেই কান্না করছিলেন মা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘মাগো, আগুনে পুড়ে যাচ্ছি, মরে যাচ্ছি’Ñ  মোবাইল ফোনের ওপারে সন্তানের এমন বুকফাটা আর্তনাদ আর তারপরই সব শেষ! মুহূর্তেই যেন থমকে গেছে পুরো গ্রাম, স্তব্ধ হয়ে গেছে স্বজনদের কান্না। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় লাগা এক সর্বনাশা আগুন শুধু ১৭টি তরতাজা প্রাণই কেড়ে নেয়নি, পুড়িয়ে ছাই করে দিয়েছে কয়েকটি পরিবারের লালিত স্বপ্ন।

কেউ চেয়েছিলেন ঋণের বোঝা মেটাতে, কেউবা অনাগত সন্তানের মুখ দেখতে, আবার কারও-বা এক সপ্তাহ পরেই ফেরার কথা ছিল প্রিয়তমা স্ত্রীর কাছে। কিন্তু ফেরা আর হলো না। প্রবাসের মাটিতে রেমিট্যান্স যোদ্ধাদের এমন মর্মান্তিক মৃত্যুতে নওগাঁ, নাটোর ও রাজশাহীর কয়েকটি গ্রামে এখন কেবলই শোকের মাতম। বাতাসে ভাসছে বুকফাটা হাহাকার আর শুধুই স্বপ্নভঙ্গের কান্না।

সৌদি আরবের রিয়াদের মানফুয়া ও মুসা সানাইয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায় রবিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাংলাদেশ সময় তখন দুপুর। রাতে কাজ করে শ্রমিকরা দিনের বেলায় কারখানার ভেতরেই ঘুমাচ্ছিলেন। অভিযোগ রয়েছে, কারখানার মূল ফটক বাইরে থেকে তালাবদ্ধ থাকায় আগুন লাগার পর কেউই আর বের হতে পারেননি। চোখের সামনেই জীবন্ত দগ্ধ হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান ১৭ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায়, ৩ জনের বাড়ি নাটোরের নলডাঙ্গায় এবং ১ জনের বাড়ি রাজশাহীর বাগমারায়। অভাবের তাড়নায় দেশান্তরী হওয়া এই মানুষগুলোর এমন আকস্মিক মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

প্রধানমন্ত্রীর শোক 

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার এক বিশেষ শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই চরম দুঃসময়ে তাদের প্রয়োজনীয় সব ধরনের আর্থিক ও মানসিক সহায়তা প্রদানের দৃঢ় আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, প্রধানমন্ত্রী এই মর্মান্তিক ঘটনার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ মিশনকে জরুরি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহগুলো যেন দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা যায়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ লক্ষ্যে সার্বিক সহযোগিতা ও নিবিড় তদারকি অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

মায়ের কানে বাজছে সুমনের শেষ আর্তনাদ 

‘মাগো দুটি কথা শোনো, আর হয়তো কথা বলতে পারব না... আগুনে পুড়ে যাচ্ছি, মরে যাচ্ছি মা!’ মোবাইল ফোনে সন্তানের এই বুকফাটা আর্তনাদ এখনও নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের অভাগী মা ময়না খাতুনের কানে বাজছে। এরপর হঠাৎ করেই চিরতরে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আর কোনোদিন শোনা যাবে না মেজছেলে সুমনের সেই পরিচিত কণ্ঠ। রিয়াদের এই সর্বনাশা আগুন ময়না খাতুনের বুক এক নিমিষেই খালি করে কেড়ে নিয়েছে তার নাড়িছেঁড়া দুই ধনÑ মোহন প্রামাণিক (২২) ও সুমন প্রামাণিককে (১৬)। বড় ছেলে মোহন সাত বছর আগে এবং মেজছেলে সুমন মাত্র দুই বছর আগে অভাবের সংসারের হাল ধরতে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবের মরুভূমিতে। সুমনের একান্ত স্বপ্ন ছিল হাড়ভাঙা খাটুনি দিয়ে ধারদেনা শোধ করে দেশে ফিরে নিজেদের বাড়ির অসম্পূর্ণ কাজ শেষ করার। আর মোহনের ইচ্ছা ছিল এবার ছুটিতে দেশে ফিরে দশটা মেয়ে দেখে মনের মতো একজনকে বিয়ে করে থিতু হওয়ার। কিন্তু তাদের সেই সুন্দর ভবিষ্যতের স্বপ্নগুলো পুড়ে অঙ্গার হয়ে গেছে রিয়াদের সোফা কারখানায়। এখন গন্ডগোহালী গ্রামে কেবলই সন্তানহারা এক মায়ের বুকফাটা আর্তনাদ, ‘হামার দুই বাবা হামার বুকে এনে দেও বাবা। বড় কষ্টের ছাওয়াল, আমার দুই ধনক আমার বুকে এনে দে বাবারে...’। শারীরিক প্রতিবন্ধী পিতা গাফফার প্রামাণিকের আক্ষেপ, বদ্ধ ঘরে বাইরে থেকে তালা দেওয়া না থাকলে হয়তো তার ছেলেদের এমন নির্মম মৃত্যু হতো না। শুধু এই দুই ভাই-ই নন, আত্রাই ও সদর উপজেলা মিলিয়ে নওগাঁর মোট ১৩ জন তরতাজা যুবক ঝরে গেছে এই একটি অগ্নিকাণ্ডে। তারা হলেন : মোহন ও ‍সুমন ছাড়া গন্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক (৩০) ও কলিমুল্লাহ প্রামাণিক (৩৫), সাদনগর গ্রামের সাগর (৩৮), খরস্রোতী গ্রামের মজিদুল (৩৪) ও আব্দুল জলিল (৪৮), উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩১) ও হাসিবুল হাসান শুভ (৩৭), বোয়ালা গ্রামের হৃদয় (৩২), মধ্য বোয়ালিয়া গ্রামের মিনহাজ (৩০)। এ ছাড়া নওগাঁ পৌরসভার পার-নওগাঁ এলাকার শাহিন (৩৮) নিহত হয়েছেন।

মেয়ের মুখ দেখা হলো না শামীমের 

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ও মহিষডাঙ্গা গ্রামেও এখন কেবল স্বজন হারানোর করুণ সুর আর শুধুই হাহাকার। রিয়াদের ওই নিষ্ঠুর অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে এই এলাকার তিন স্বাপ্নিক তরুণ শামীম হোসেন (৩৫), সাব্বির আহমেদ শুভ (৩০) এবং রবিউল আউয়ালের (২৫) প্রাণ। এর মধ্যে শামীমের মৃত্যুর মর্মান্তিক গল্পটা যেকোনো পাষাণ হৃদয়কেও মুহূর্তে কাঁদিয়ে দেয়। মাত্র আট মাস আগে নিজের শেষ সম্বল জমি বন্ধক রেখে, গর্ভবতী স্ত্রীকে দেশে ফেলে একটু সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। প্রবাসের মাটিতে হাড়ভাঙা খাটুনির ফাঁকে ভিডিও কলে দেখেছেন তার সদ্য ভূমিষ্ঠ এক মাস বয়সী ফুটফুটে কন্যাসন্তানকে। প্রহর গুনছিলেন কবে দেশে ফিরে বুকের মানিককে জড়িয়ে ধরে প্রাণভরে আদর করবেন। কিন্তু তার সেই স্বপ্ন চিরতরে নিভে গেল। শামীমের মা শাহীনুর বেগম ডুকরে কেঁদে বলেন, ‘আমার নাতনি তার বাবার জীবিত মুখটা দেখতে পেল না! সরকারের কাছে আবেদন, আমার সন্তানের লাশটা শুধু ফিরিয়ে দিন।’ অন্যদিকে, সাব্বির আহমেদ প্রায় চার বছর আগে ছয় লাখ টাকার বিশাল ঋণ নিয়ে বিদেশ গিয়েছিলেন। ঋণের বোঝা কিছুটা হালকা করে এবার তার দেশে ফেরার কথা ছিল আদরের ছোট বোনের ধুমধাম করে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই বোনের বিয়ে দেওয়া আর হলো না তার। মহিষডাঙ্গা গ্রামের রবিউলের গল্পটাও একই রকম ট্র্যাজিক। তিন বছর আগে বড় ভাইয়ের কাছে প্রবাসে গিয়ে অবৈধভাবে কাজ করছিলেন তিনি। কিছুদিন পরই তারও চিরতরে দেশে ফেরার কথা ছিল। দারিদ্র্যের কশাঘাত থেকে মুক্তি পেতে জীবনযুদ্ধে অবতীর্ণ হওয়া এই তিন রেমিট্যান্স যোদ্ধার এমন মর্মান্তিক পরিণতিতে পুরো নলডাঙ্গা উপজেলা এখন শোকস্তব্ধ। পরিবারগুলোর উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিদের হারিয়ে তারা আজ দিশাহারা।

সপ্তাহ ঘুরলেই বাড়ি ফিরতেন শ্যামল 

দীর্ঘ আট বছরের ক্লান্তিকর প্রবাসজীবনের অবসান ঘটিয়ে ঠিক এক সপ্তাহ পরেই চিরতরে দেশে ফেরার কথা ছিল রাজশাহীর বাগমারা উপজেলার শ্যামল উদ্দিন মাঝির (৪৬)। পরিবারের সদস্যদের মুখে একটু হাসি ফোটাতে গিয়ে নিজের জীবনের সেরা সময়গুলো বিদেশের মরুভূমিতে হাড়ভাঙা খাটুনি দিয়ে কাটিয়ে দিয়েছেন তিনি। এই দীর্ঘ সময়ে নিজের জন্য তেমন কিছুই হয়তো করতে পারেননি, কেবল অভাবের সংসারের ঘরের চালায় একটু নতুন টিনের ছাউনি দিতে পেরেছিলেন। তবুও কিছু টাকা জমিয়ে বুকের ভেতর একরাশ আনন্দ নিয়ে দেশে ফেরার শেষ প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। মর্মান্তিক এই মৃত্যুর ঠিক আগের দিনও স্ত্রী রশিদা খাতুনের সঙ্গে  মোবাইল ফোনে কথা হয়েছিল তার। হাসি মুখে বলেছিলেন, এক সপ্তাহের মধ্যেই ফিরছেন। কিন্তু তার আর জীবিত ফেরা হলো না, তাকে ফিরতে হচ্ছে নিষ্প্রাণ কফিনবন্দি হয়ে। সোমবার সকালে ঝিকড়া ইউনিয়নের মরুগ্রাম ডাঙ্গাপাড়ায় শ্যামলের বাড়িতে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। স্বামী হারানোর গভীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন রশিদা খাতুন। জ্ঞান ফিরলেই ডুকরে কেঁদে প্রলাপ বকছেন, ‘তুমার সাথে হামার কালকেই কতা হলো। তুমি বাড়িত আসপেন বুললেন, আর রাতে তুমার মরার খবর পানু।’ সহকর্মীদের মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী, আগুন লাগার সময় শ্যামল কারখানার ভেতরেই আটকা পড়েছিলেন। শ্যামলের তিন মেয়ে, যার মধ্যে দুজনই এখনও অনেক ছোট। একমাত্র উপার্জনক্ষম পিতাকে হারিয়ে এই অসহায় পরিবারটির সামনে এখন শুধুই ঘোর অন্ধকার। আত্মীয়স্বজনের কাছ থেকে ধারদেনা করে বিদেশ যাওয়া শ্যামল নিজের ভাগ্য ফেরাতে গিয়ে প্রবাসেই জীবনটা দিয়ে দিলেন। বাগমারার এই প্রান্তিক পরিবারটির এখন একটাই আকুল চাওয়া, প্রিয় মানুষটির নিথর শরীরটা যেন দ্রুত দেশে ফিরে আসে, যাতে অন্তত শেষবারের মতো তাকে নিজ মাটিতে সমাহিত করা যায়।

জীবনের ঝুঁকি নিয়ে দেশান্তরী হওয়া এই মানুষগুলোর পুড়ে যাওয়া স্বপ্ন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমাদের অর্থনীতির প্রতিটি অর্জনে লুকিয়ে আছে কত শত শ্রমিকের কত অভাবনীয় আত্মত্যাগ। ভবিষ্যতে প্রবাসীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাই হোক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বোচ্চ অগ্রাধিকার।

১৬ মরদেহ শনাক্ত, ফেরাতে লাগতে পারে তিন সপ্তাহ 

নিহত ১৭ বাংলাদেশি শ্রমিকের মধ্যে ১৬ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। আইনি ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে এসব মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রায় তিন সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র। 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে জানান, শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে ইতোমধ্যে ১৫ জনের পাসপোর্টের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বাকিদের তথ্য সংগ্রহের কাজ চলমান। তিনি বলেন, ‘ডিএনএ পরীক্ষাসহ প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম শেষে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনা হবে। সরকারি নীতিমালা অনুযায়ী নিহতদের মরদেহ দেশে আনার সম্পূর্ণ ব্যয়ভার রাষ্ট্র বহন করবে।’ মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিষয়টি নিবিড়ভাবে তদারকি করছে উল্লেখ করে তিনি আরও জানান, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

প্রতিবেদনে তথ্য দিয়েছেন এম আর ইসলাম রতন, নওগাঁ; তপন কুমার, আত্রাই; কালিদাস রায়, নাটোর ও মাহবুব রহমান রনি, বাগমারা (রাজশাহী)

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা