কুমিল্লা শিক্ষা বোর্ড
কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২২:০০ পিএম
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে মোট পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। তবে এই বোর্ডে পাসের হারে শীর্ষে রয়েছে ফেনী জেলা। এ জেলায় পাসের হার ৭২ দশমিক ৬২ শতাংশ।
অন্যদিকে বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার নোয়াখালীতে ৫৯ দশমিক ৯৮ শতাংশ। সোমবার সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ফেনীর ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৯০০ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১০ হাজার ৮২১ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৩৯ জন। পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস হয়েছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এক লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পাস করে ৯৫ হাজার ৩৯৯জন। অকৃতকার্য হয় ৫১ হাজার ৮২৬ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ শিক্ষার্থী। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৬৬ জন এবং মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮৪৮ জন।
এ বছর কুমিল্লা বোর্ডের ২৪টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এবার শূন্যভাগ পাস করা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ছয় জেলার মোট ১ হাজার ৮২৩টি বিদ্যালয় থেকে পরীক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।