মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২১:৩৮ পিএম
কিশোরগঞ্জ উপ কর কমিশনারের কার্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
করজাল বাড়ানোর কথা ছিল। কিন্তু বাস্তবে যেন ঘটছে উল্টোটা। টার্নওভার করের বাধ্যবাধকতায় কিশোরগঞ্জে আয়কর রিটার্ন দাখিলের চিত্র এবার আশঙ্কাজনকভাবে নেমে গেছে। কর কর্মকর্তাদের কার্যালয় খোলা থাকলেও করদাতাদের উপস্থিতি নেই। গত এক দশকের মধ্যে চলতি করবর্ষের শুরুতে এত কম রিটার্ন দাখিলের নজির নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর আইনজীবীরা।
সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বড় একটি অংশই রিটার্ন দাখিল থেকে সরে দাঁড়াচ্ছেন। সংশ্লিষ্টদের অভিযোগ, ক্ষুদ্র ব্যবসায়ী, এমনকি পাড়া-মহল্লার ছোট দোকানদারদেরও টার্নওভার কর দিতে হচ্ছে। অনেকের ক্ষেত্রে রিটার্ন দাখিল করতে গিয়ে ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত করের বোঝা তৈরি হচ্ছে। ব্যবসার প্রকৃত আয় ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য না থাকায় এই করব্যবস্থা ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।
এক দশকের মধ্যে সর্বনিম্ন রিটার্ন : কিশোরগঞ্জ উপকর কমিশনারের কার্যালয় সূত্র এবং সংশ্লিষ্ট কর আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৬-২৭ করবর্ষে জেলার কর সার্কেলগুলোতে রিটার্ন দাখিলের হার গত কয়েক বছরের তুলনায় ব্যাপকভাবে কমেছে।
জেলা সদরে অবস্থিত কিশোরগঞ্জ কর সার্কেল-১৩ ও ১৮-তে প্রতিবছর জুলাই ও আগস্ট মাসের প্রথম সপ্তাহেই শত শত রিটার্ন দাখিল হতো। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী ওই সময়ের মধ্যে পাঁচ শতাধিক রিটার্ন দাখিলের মাধ্যমে আয়কর-সংক্রান্ত অনেক মামলা নিষ্পত্তি হয়ে যেত।
কিন্তু চলতি করবর্ষে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একই সময়ে দুই সার্কেলে রিটার্ন দাখিল হয়েছে শতাধিকের কিছু বেশি। ব্যবসায়ীদের রিটার্ন দাখিলের হার আরও হতাশাজনক- সংশ্লিষ্টদের হিসাবে তা প্রায় ২ শতাংশ। প্রশ্ন উঠেছে, যে করব্যবস্থার উদ্দেশ্য ছিল আরও বেশি মানুষকে করের আওতায় আনা, সেই ব্যবস্থাতেই কেন করদাতারা রিটার্ন দাখিল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন?
৩ কোটি থেকে ৩৫-৪০ হাজার টাকায় : কিশোরগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আবুল কাসেমের দাবি, টার্নওভার করের পরিধি ও প্রয়োগে বড় ধরনের পরিবর্তনই বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ।
তিনি বলেন, গত বছর যেসব ব্যবসায়ীর বিক্রি বা প্রাপ্তি তিন কোটি টাকার বেশি ছিল, তাদের ওপর ১ শতাংশ টার্নওভার কর বাধ্যতামূলক ছিল। কিন্তু এবার ৩৫-৪০ হাজার টাকার বিক্রি বা প্রাপ্তির ব্যবসায়ীদেরও ১ শতাংশ হারে টার্নওভার কর দিতে হচ্ছে। অর্থাৎ বড় ব্যবসায়ীর জন্য যে হারে কর আরোপ করা হয়েছিল, একই হারে ক্ষুদ্র ব্যবসায়ীর ওপরও তা প্রয়োগের ফলে করের বোঝা তার ব্যবসার সক্ষমতার তুলনায় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এমন অভিযোগ করছেন কর আইনজীবীরা।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত : কিশোরগঞ্জ-১৩ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুস সালামও রিটার্ন দাখিল কমে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, এবার রিটার্ন দাখিল খুবই কম হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি অবগত আছে।