পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২১:১৯ পিএম
সামিউল আলীম। ছবি: সংগৃহীত
পটুয়াখালীর মির্জাগঞ্জে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিবাদী জাকির ফরাজীর বিরুদ্ধে। গত রবিবার রাতে মির্জাগঞ্জের ছইলাবুনিয় গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জাকির ফরাজী মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। অন্যদিকে হামলার শিকার আইনজীবী সামিউল আলীম আমড়াগাছিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির ফরাজীর বিরুদ্ধে মির্জাগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতে একটি মাদক মামলা চলমান। তার পক্ষে মামলাটি পরিচালনা করছিলেন আইনজীবী সামিউল আলীম। রবিবার মামলার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় জাকির ফরাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জাকির তার আইনজীবীর ওপর হামলা করে। পরে স্থানীয়রা আহত সামিউল আলীমকে প্রথমে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আইনজীবী সামিউল আলীম বলেন, মামলার ধার্য তারিখ থাকায় জাকির ফরাজীকে ফোনে আদালতে হাজির হওয়ার অনুরোধ করি। তবে জাকির ব্যস্ততার কথা জানিয়ে আদালতে হাজির হতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে আসামির পক্ষে সময়ের আবেদন করলেও আদালত আবেদন খারিজ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে বিষয়টি মোবাইল ফোনে জাকিরকে জানানো হয়।
তিনি আরও বলেন, রাত আটটার দিকে আমার বাড়ির সামনে একটি চায়ের দোকানে থাকাকালীন জাকির মোটরসাইকেলে সেখানে আসেন এবং হাতে থাকা ধারালো দা দিয়ে আমাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ডান পায়ের হাঁটুর ওপরের অংশে গুরুতর জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
অভিযোগের বিষয়ে জানতে জাকির ফরাজীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
মির্জাগঞ্জ থানার ওসি তৌহিদুজ্জামান বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।