লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২১:১৫ পিএম
সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আমন চাষিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আমন চাষিরা।
সোমবার সকালে জেলার কালীগঞ্জ বাজার এলাকায় কয়েক হাজার কৃষক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় এক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
অবরোধের কারণে পাথরবাহী ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন মহাসড়কে আটকা পড়ে। পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলেন। ইউএনও আগামী দুই থেকে তিন দিনের মধ্যে চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেন।
কৃষকদের দাবি, সরকার নির্ধারিত মূল্যে প্রতি বস্তা টিএসপি সার ১ হাজার ৩৫০ টাকা হওয়ার কথা থাকলেও বাজারে তা ২ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে প্রতি বস্তা ডিএপি সারের নির্ধারিত মূল্য ১ হাজার ৫০ টাকা হলেও তা ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর ১ হাজার ৩৫০ টাকা নির্ধারিত দামের ইউরিয়া সারও বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত।
তবে কৃষকরা জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে চাহিদা অনুযায়ী এবং সরকার নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা না হলে তারা আবারও মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হবেন।
সার ডিলারদের দাবি, সরকারি বরাদ্দ কম থাকায় কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা সম্ভব হচ্ছে না। কালীগঞ্জের সার ডিলার সোহরাব হোসেন বলেন, ‘সরকারিভাবে যতটুকু সার আমরা পাচ্ছি, ততটুকুই সরকারি নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করছি। আমরা কখনো কৃত্রিম সংকট তৈরি করি না এবং বেশি দামে সার বিক্রিও করি না।’
তিনি আরও বলেন, বিশেষ করে টিএসপি সারের চাহিদা বেশি। কিন্তু সরকারি বরাদ্দ চাহিদার তুলনায় প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ কম। সরকার সরবরাহ বাড়ালে কৃষকদের চাহিদা অনুযায়ী সার দেওয়া সম্ভব হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ‘কৃষকদের সারের ঘাটতি ও ক্ষোভের বিষয়টি প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে পর্যাপ্ত সারের ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। কৃষকরা যাতে চাহিদামতো সার পান, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কোনো সার ডিলার কৃত্রিম সংকট তৈরি করলে কিংবা সার বিক্রিতে অনিয়ম করলে ওই ডিলারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষি কর্মকর্তাদের পাশাপাশি আমিও সার ডিলারদের দোকানগুলো মনিটরিং করব।’