দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২১:০৭ পিএম
দিনাজপুর শিক্ষা বোর্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের দিক দিয়ে বরাবর মেয়েরা এগিয়ে থাকলেও এবার এগিয়ে আছে ছেলেরা। ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৭২ শতাংশ আর ছাত্রীদের ৫৮ দশমিক ০৩ শতাংশ। সব মিলিয়ে এ বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। তবে তা গত বছরের তুলনায় ৮ দশমিক ৯৮ শতাংশ কম।
সোমবার প্রকাশিত ফলাফলে বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৭৯ হাজার ৫৯৪ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। জিপিএ-৫ অর্জনেও এবার এগিয়েছে ছেলেরা। এই বোর্ডে জিপিএ-৫ পাওয়া মোট ১২ হাজার ২৮৬ জনের মধ্যে রয়েছে ৬ হাজার ৩২৬ জন ছাত্র এবং ৫ হাজার ৯৬০ জন ছাত্রী।
অন্যদিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ২৮৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করলেও ১৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শূন্য পাস করা বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছেÑ রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চলের বিদ্যালয়।
এসব বিদ্যালয় থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই হয়েছে অকৃতকার্য। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, পরিসংখ্যান অনুযায়ী দিনাজপুর বোর্ডের অধীন রংপুর বিভাগের ৮ জেলার ১৮টি বিদ্যালয় থেকে ১২৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও এদের কেউ পাস করেনি। সবারই ফলাফল অকৃতকার্য।