চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২০:৩৯ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৬ ২০:৫০ পিএম
মিরসরাই থানা। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমিনুল ইসলাম (৩২) নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
একই কক্ষ থেকে তার স্ত্রী তাহমিনা আক্তারকে (২৭) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের দেড় বছর বয়সী শিশুকন্যাও কক্ষের ভেতরে ছিল।
মিরসরাইয়ের বড়তাকিয়া বাজারের ‘রিলাক্স জোন’ নামের একটি আবাসিক হোটেল থেকে সোমবার বেলা ১১টার দিকে তাদের উদ্ধার করা হয়।
নিহত আমিনুল ইসলাম রাঙামাটি জেলা পুলিশ লাইনে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি মিরসরাই উপজেলার মায়ানি ইউনিয়নের পশ্চিম মায়ানি গ্রামের বাসিন্দা। তার স্ত্রী তাহমিনা আক্তার মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় বাবার বাড়িতে থাকতেন।
পুলিশ জানায়, কর্মস্থল থেকে ছুটিতে কয়েকদিন আগে মিরসরাইয়ে আসেন আমিনুল। গত রবিবার সকালে শিশুর জন্মনিবন্ধন করার কথা বলে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। পরে বেলা ২টার দিকে তারা বড়তাকিয়া বাজারের ওই আবাসিক হোটেলে ওঠেন।
সোমবার সকালে হোটেল কর্তৃপক্ষ কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা খুলে ফ্যানের সঙ্গে আমিনুলের ঝুলন্ত লাশ দেখতে পায়। একই কক্ষে তার স্ত্রী তাহমিনাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাদের শিশুকন্যাটিও তখন কক্ষের ভেতরে ছিল।
পরে পুলিশ তাহমিনাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার আঘাতের বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।