দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২০:২৬ পিএম
কৃষক দলের নেতা মজিবর রহমান মজিব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
থানার ভেতরে সিআইডি পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমানের গালে থাপ্পড় মেরে হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার হওয়া দিনাজপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা মজিবর রহমান মজিবকে (৫৫) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে মজিবকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সদর) সোপর্দ করা হলে বিচারক মো. সামিউল ইসলাম জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ১৬ আগস্ট জামিনের শুনানির দিন ধার্য করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী এ তথ্য জানান।
এর আগে গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানার ভেতরে সিআইডি পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমানকে গালে থাপ্পড় মেরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দিনাজপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা মজিবর রহমান মজিবকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই পুলিশ সদস্য বাদী হয়ে মজিবর রহমানসহ অজ্ঞাতনামা দুজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে রবিবার রাতে কোতোয়ালি থানায় যান পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান। সাদাপোশাকে থাকা নওয়াবুরের কাছে ওসির অবস্থান জানতে চান কৃষক দল নেতা মজিবর রহমান। এ সময় নওয়াবুর নিজেকে এই থানার পুলিশ নয়, সিআইডির পুলিশ হিসেবে পরিচয় দিলে মজিবরের সঙ্গে থাকা একজন নওয়াবুরকে গালিগালাজ শুরু করেন। নওয়াবুর এর প্রতিবাদ করলে মজিবর রহমান তাকে ডান গালে থাপ্পড় দেন। এ সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে থানায় অন্য পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ বিষয়ে ওসি মোহাম্মদ নূরনবী বলেন, থানায় অবস্থান করে পুলিশ কর্মকর্তার গায়ে হাত তোলা ও হত্যার হুমকি দেওয়ার অপরাধে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে কারও ইঙ্গিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মজিবকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করছেন মজিবের স্বজনরা।