খুলনা অফিস
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২০:০৮ পিএম
খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় ছেলেকে খুঁজতে গিয়ে বাবাকে লক্ষ্য করে ৮-১০ জনের একটি দল গুলি ছুড়েছে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছেলেটির মা শিমুলের ডান কোমরে বিদ্ধ হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ছেলেকে খুঁজতে গিয়ে বাবাকে লক্ষ্য করে ৮-১০ জনের একটি দল গুলি ছুড়েছে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছেলেটির মা শিমুলের (৩০) ডান কোমরে বিদ্ধ হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার করিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার ডান কোমরে গুলি লেগেছে। শরীরের ভেতরে গুলি রয়েছে কি না, তা জানতে তার এক্স-রে করা হয়েছে।
শিমুলের স্বামী মুকুল খুলনা নিউমার্কেটের একজন মোবাইল ব্যবসায়ী। তিনি জানান, ঘটনার সময় ৮-১০ জন ব্যক্তি তাদের বাসায় ঢুকে ছেলে হৃদয়ের খোঁজ করেন। হৃদয় বাসায় নেই জানালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন হামলাকারীরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার স্ত্রী শিমুলের ডান কোমরে লাগে। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যান।
মুকুল জানান, তার ছেলে হৃদয় খুলনা নিউমার্কেটে তার মোবাইল ব্যবসায় সহযোগিতা করেন। পাশাপাশি পড়াশোনাও করছেন। বর্তমানে তিনি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তবে হৃদয়কে খুঁজতে ওই ব্যক্তিরা কেন তাদের বাড়িতে এসেছিলেন এবং তাকে লক্ষ্য করে কেন গুলি চালানো হয়, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলাকারীদের পরিচয়ও জানা যায়নি।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, গুলির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কারা এবং কী কারণে গুলি চালিয়েছে, তা জানার চেষ্টা চলছে।