× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরের উন্নয়ন বঞ্চনা মেনে নেবে না মানুষ: জামায়াত আমির

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২০:০৩ পিএম

গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়মাঠে আয়োজিত জনসমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়মাঠে আয়োজিত জনসমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, রংপুরে জামায়াত বেশি সংখ্যক আসন পাওয়ায় সরকার তাদের উন্নয়নকাজ থেকে বঞ্চিত করছে। রংপুরের মানুষ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন না করলে সরকার টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির।

সোমবার দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য সামনে আর হাত বাড়াবেন না, আর পা বাড়াবেন না। পরিণতি ভালো হবে না। মনে রাখবেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন না করলে আপনারা থাকতে পারবেন না।

তিনি বলেন, ফ্যাসিস্ট আপা যে পথে হেঁটেছেন, আপনারাও সেই পথে হাঁটছেন। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিতে পেরেছেন, আপনি কিন্তু লন্ডনে যাওয়ার সুযোগ পাবেন না। এভাবে চললে আপনারও এই বাংলায় জায়গা হবে না।

বিএনপির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, যুবকেরা এখন প্রতিবাদ করতে শিখিয়েছে। বিএনপি ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে। যারা ‘হ্যাঁ’ প্রচারণা চালিয়ে এখন ‘না’ বলছেন, তারাই একদিন এই দেশ থেকে ‘নাই’ হয়ে যাবেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনতার রায়কে অগ্রাহ্য করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, সামনেও কেউ টিকতে পারবে না।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সব জায়গায় চুরি-চামারি ও লুটপাট শুরু হয়েছে। চাঁদাবাজদের হাত বন্ধ করতে হবে, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে হবে। দেশের জন্য একবার নয়, শতবার রাজপথে নামবেন বলেও মন্তব্য করেন তিনি।

দুই শিবিরকর্মী হত্যার সমালোচনা করে জামায়াত আমির বলেন, আমরা চাই না, ক্ষমতার লোভে আর কোনো মায়ের কোল খালি হোক। গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না।

তিনি আরও বলেন, গত ২১ জুন সংগঠিত সরকারদলীয় সন্ত্রাসীদের হামলায় শহীদ সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন নিহত হয়েছেন। আজকে এসে আমি তার সাক্ষী হয়েছি। আমি চাই, আর কোনো মায়ের কিংবা বাবার বুক খালি না হয়। এই বাংলাদেশকে আমরা সঠিক, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আমরা সকলকে নিরাপদ দেখতে চাই। সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যাকাণ্ডের সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

জামায়াতের জেলা নায়েবে আমির ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন, বগুড়া জেলা আমির আব্দুল হক, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম এমপি, মাওলানা নজরুল ইসলাম লেবু, মাজেদুর রহমান এমপি, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সৈয়দ রোকনুজ্জামান, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কার্যাভী, সাধারণ সম্পাদক ফাহিম মন্ডল প্রমুখ। এর আগে শফিকুর রহমান শহীদ শিবিরকর্মী সাইফুল্লাহ বারী ও জামায়াতকর্মী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি তাদের কবর জিয়ারত করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা