সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১৩:৩১ পিএম
প্রতীকী ছবি
সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর আবাসিক এলাকা থেকে আবুল হাসনাত সুলায়মান (৪২) নামের এক ট্রাভেলস ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবুল হাসনাত সুলায়মান দোয়ারাবাজার উপজেলার
প্রতাপপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ পৌর শহরের
ষোলঘর এলাকায় ভাড়াবাসায় থেকে একটি ট্রাভেলস ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয়রা জানান, মৃত্যুর তিন ঘণ্টা আগে নিহতের
ব্যবহৃত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে দুই ব্যক্তির ছবি যুক্ত
করে তাদের বিরুদ্ধে ট্রাভেলস ব্যবসার মোটা অঙ্কের টাকা আত্মসাৎ ও প্রতারণার গুরুতর
অভিযোগ তুলেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ব্যবসার দীর্ঘ সময়ে
বিভিন্ন মানুষের প্রতারণার কারণে তিনি চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন। সিদ্দিক
আহমেদ নামের এক ব্যক্তির কাছে ৫ লাখ ৩৩ হাজার টাকা এবং কাওসারুজ্জামান তালুকদার
নামের আরেক ব্যক্তির কাছে ১৪ লাখ টাকা পাওনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ
পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে
পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করতে কাজ করছে পুলিশ।