জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১১:৪৪ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৬ ১১:৪৮ এএম
দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের সড়ক দুর্ঘটনায় ইসলামপুর সিভিল জজ আদালতের বিচারক এ কে এম সামিউল হক নিহত হয়েছেন। এ ঘটনায় তার গাড়ির ড্রাইভার গুরুতর আহত হয়েছেন।
জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা বাজার এলাকায় সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রডবোঝাই একটি ট্রাক চাকা পাংচার হওয়ায় লাহিড়ীকান্দা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। বিচারক এ কে এম সামিউল হক ভোরে ঢাকা থেকে প্রাইভেট কারযোগে কর্মস্থলে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বিচারক সামিউল হক নিহত হন।
তারা জানান, দুর্ঘটনায় তার গাড়িচালক ইদ্রিস আলীও গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ি কেটে নিহত বিচারকের মরদেহ উদ্ধার করে। তার কাছে থাকা জুডিশিয়াল সার্ভিসের পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চিত করা হয়। আহত চালককে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তার গাড়ির ড্রাইভারকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।