× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ ‘এসডিজি ভিলেজ’ হচ্ছে খুলনার পানখালীসহ দেশের তিন গ্রাম

খুলনা অফিস

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১১:৩১ এএম

খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রাম সোমবার আনুষ্ঠানিকভাবে এসডিজি ভিলেজ হিসেবে যাত্রা শুরু করছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রাম সোমবার আনুষ্ঠানিকভাবে এসডিজি ভিলেজ হিসেবে যাত্রা শুরু করছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দারিদ্র্য, বেকারত্ব, জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রাম সোমবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এসডিজি ভিলেজ হিসেবে যাত্রা শুরু করছে।

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তিনটি নির্বাচিত গ্রামের সঙ্গে পানখালীর এ কার্যক্রম উদ্বোধন করবেন।

একই সঙ্গে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগরকেও এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করা হবে।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির ১৭টি লক্ষ্য স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে এসব গ্রামকে আধুনিক, স্বনির্ভর, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক জনপদে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি, স্যানিটেশন, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাকে একই পরিকল্পনার আওতায় আনা হচ্ছে।

উদ্বোধন উপলক্ষে পানখালীতে চলছে ব্যাপক প্রস্তুতি। স্থানীয় মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে এক হাজারের বেশি অতিথির উপস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইতোমধ্যে মঞ্চ ও প্যান্ডেল স্থাপন করা হয়েছে। বসানো হচ্ছে ডিজিটাল ডিসপ্লে বোর্ড। ঢাকা থেকে টেকনিশিয়ানরাও এসেছেন। মূল অনুষ্ঠান ঢাকায় হলেও পানখালী থেকে স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা ভার্চুয়ালি এতে যুক্ত থাকবেন।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু বলেন, “এসডিজির ১৭টি লক্ষ্য বাস্তবায়নের আলোকে পানখালীকে আধুনিক, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক গ্রামে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।”

প্রায় পাঁচ বর্গকিলোমিটার আয়তনের পানখালী গ্রামে বাস করেন ৪ হাজার ৩৯৭ জন। স্থানীয় তথ্য অনুযায়ী, গ্রামের ৬৫ থেকে ৭০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। স্বাক্ষরতার হার ৭৩ দশমিক ২৯ শতাংশ হলেও শিক্ষিত বেকারের হার প্রায় ৭০ শতাংশ। গ্রামে চাষযোগ্য জমি রয়েছে প্রায় ৫০০ হেক্টর।

উপকূলীয় অবস্থানের কারণে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতও এখানকার মানুষের জীবনের অংশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও জলাবদ্ধতার মতো সমস্যা মোকাবিলা করে তাদের জীবন ও জীবিকা চালাতে হয়।

এমন বাস্তবতায় পানখালীকে এসডিজি ভিলেজ হিসেবে গড়ে তোলার উদ্যোগকে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, উদ্যোগটি বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও অন্যান্য মৌলিক নাগরিক সুবিধা বাড়বে। শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারিত হবে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে। তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। বাড়বে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড।

গ্রামের কৃষক মাহবুবুর রহমান ও জেলে পরিমল রায় বলেন, দীর্ঘদিন ধরে তাদের গ্রামের উন্নয়নের স্বপ্ন ছিল। এবার সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। তাদের আশা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আসবে।

পানখালীর স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট ধারণায় গ্রামের মডেল পণ্য হিসেবে কাঁকড়াকে বেছে নেওয়া হয়েছে। উপকূলীয় পরিবেশ ও স্থানীয় মানুষের জীবিকার সঙ্গে কাঁকড়া উৎপাদন ও ব্যবসার সম্পর্ক থাকায় এ খাতকে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার উদ্যোগ রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কাঁকড়া উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের সুযোগ বাড়ানো গেলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরি হতে পারে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতে যুক্ত হতে পারেন নারী ও তরুণরাও।

এসডিজি ভিলেজের আওতায় কৃষি ও স্থানীয় জীবিকার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনের আগে পানখালী পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন। গত ৬ আগস্ট তিনি গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এর আগে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফুল ইসলামও পানখালী পরিদর্শন করেন।

বিভাগীয় কমিশনার উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় পানখালীর উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের প্রাপ্য সেবা নিশ্চিত করার পরামর্শ দেন।

পানখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ শহিদুল ইসলাম বলেন, গ্রামের মানুষ কখনও ভাবেননি তাদের জনপদ জাতীয় পর্যায়ের এমন একটি উন্নয়ন উদ্যোগের অংশ হবে। এ কারণে উদ্বোধন ঘিরে পুরো গ্রামে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ বলেন, সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামের মানুষের জীবনমান বদলাবে। কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লে পানখালী একটি আধুনিক ও টেকসই গ্রামে পরিণত হবে।

পানখালী গ্রামকে বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য আমীর এজাজ খান। তিনি বলেন, উপকূলীয় এ গ্রামের মানুষ সব ধরনের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করে জীবন ধারণ করে। তাদের সামনে এখন নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন হতে যাচ্ছে। এটি সরকারের একটি মডেল প্রকল্প, যা পরবর্তী সময়ে সারা দেশে বাস্তবায়িত হবে।

এসডিজি ভিলেজের ধারণা কেবল রাস্তা, বিদ্যুৎ কিংবা অবকাঠামো উন্নয়নে সীমাবদ্ধ নয়। দারিদ্র্য দূরীকরণ, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা, সবকিছুকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়াই এর লক্ষ্য।

পানখালীর ক্ষেত্রে এ উদ্যোগের গুরুত্ব আরও বেশি। কারণ গ্রামের বিপুলসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। শিক্ষিত বেকারের সংখ্যাও বেশি। এর সঙ্গে রয়েছে উপকূলীয় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি।

তাই স্থানীয়দের প্রত্যাশা, এসডিজি ভিলেজ পরিচয় যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। দারিদ্র্য ও বেকারত্ব কমানো, নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কৃষি ও কাঁকড়া উৎপাদনের উন্নয়ন, নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, পানখালীসহ দেশের তিনটি গ্রামে এসডিজির ১৭টি লক্ষ্য স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের অভিজ্ঞতা নেওয়া হবে। এসব উদ্যোগ সফল হলে পরবর্তী সময়ে দেশের অন্যান্য গ্রামেও এর মডেল প্রয়োগের সুযোগ তৈরি হবে।

ফলে আজকের উদ্বোধন শুধু পানখালী গ্রামের নতুন পরিচয়ের সূচনা নয়; এটি উপকূলীয় একটি জনপদের দীর্ঘদিনের দারিদ্র্য, বেকারত্ব ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উন্নয়নের পরীক্ষামূলক যাত্রারও শুরু। এখন দেখার বিষয়, পরিকল্পনার বাস্তবায়নে কতটা বদলায় পানখালীর মানুষের জীবন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা