কচুয়া (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ০৯:২১ এএম
কচুয়ায় সিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ আসিফ ইস্পাহানীকে মাদকসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাঁদপুরের কচুয়ায় সিটি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ আসিফ ইস্পাহানীকে (৩৫) ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাকৃত ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী টাঙ্গাইল জেলার বাসিন্দা।
মিজানুর রহমান জানান, রবিবার রাতে কচুয়া বিশ্বরোড সংলগ্ন সিটি হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলায় পশ্চিম পাশের আবাসিক কক্ষে অভিযান চালানো হয়।
তিনি জানান, অভিযানে ডা. আসিফের কক্ষ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের কাজে ব্যবহৃত ২ রোল ফুয়েল পেপার, বিপুল পরিমাণ মাদকের সরঞ্জাম ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, চিকিৎসক আসিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাতেই কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।