নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ০৯:০২ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৬ ০৯:১০ এএম
সৌদি আরবে সোফা তৈরির কারখানায় আগুন। ছবি: সংগৃহীত
সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ জন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ১০ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনা জানার পর উপজেলাজুড়ে চলছে শোকের মাতম। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকা ভারি হয়ে উঠেছে।
নিহতদের মধ্যে আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের চারজন। তারা হলেন, কলি, লুৎফর, জান্ডার ও রুবেল।
বিষা ইউনিয়নের সাধুনগর গ্রামের সাগর, মাধবপুর গ্রামের মজিদুল। দুবাই গ্রামের শুভ ও সুমন। পাচুপুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের মো জালাল ও সাহাবুলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ফরিদ শেখ।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা।
রবিবার কারখানায় আগুন লেগে ওই ১০ জনের মৃত্যু হয়। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে এ ঘটনা জানার পর থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে মনিটরিং করছেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও সব ধরনের যোগাযোগ অব্যাহত রেখেছেন।