নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ২২:০৫ পিএম
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী সোমবার। ছবি: সংগৃহীত
মাটি, মানুষ ও বাংলার গ্রামীণ জীবনের চিত্রকল্পকে তুলির আঁচড়ে বিশ্বদরবারে তুলে ধরা বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী আগামীকাল সোমবার।
এ উপলক্ষে নড়াইলে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট তৎকালীন নড়াইল মহকুমার মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মেছের আলী ও মা মাজু বিবি। শৈশব থেকেই ছবি আঁকায় প্রবল আগ্রহী সুলতান নিজস্ব শিল্পরীতিতে বাংলার কৃষক, শ্রমজীবী মানুষ, প্রকৃতি ও গ্রামীণ জীবনকে চিত্রপটে তুলে ধরেছেন। সুলতানের উল্লেখযোগ্য শিল্পকর্মের মধ্যে রয়েছেÑ পাট কাটা, ধান কাটা, ধান ঝাড়া, ধান মাড়াই, ধান ভানা, চর দখল, জমি কর্ষণে যাত্রা, মাছ ধরা, নদীর ঘাটে, গুন টানা, ফসল কাটার ক্ষণে, শরতের গ্রামীণ জীবন ও শাপলা তোলা।
শিল্পী হিসেবে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এসএম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি একাধিক সম্মাননা লাভ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর অসুস্থ অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন কালজয়ী এই শিল্পী।
শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে আজ সকালে এসএম সুলতান শিশু স্বর্গে কুরআনখানি, তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আর্ট ক্যাম্প, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসএম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী জানান, শিল্পী সুলতানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত থাকবেন।