৯ প্যাকেটে খণ্ডিত লাশ
কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ২২:০০ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ২২:০৫ পিএম
গ্রেপ্তারকৃত লাইলী আক্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে হত্যাকাণ্ডের শিকার গৃহকর্ত্রী ফরিদা ইয়াসমিনের (৫০) মাথার অংশ পাওয়া গেলেও পাওয়া যায়নি পা, হাত ও ঊরুর অংশ। পুলিশ বলছে, ফরিদাকে হত্যার পর চামড়া তুলে ফেলে মরদেহ টুকরো টুকরো করে পলিথিনে ভরা হয়। এ ঘটনায় লাইলী আক্তার নামের এক ভাড়াটিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
লাইলী আক্তার আগেও শিশু হত্যা মামলার আসামি ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সালে দেবিদ্বারে ফাহিমা (৭) নামের এক শিশু হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাইলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
মামলার এজাহার ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ফাহিমা তার বাবা আমির হোসেনের সঙ্গে লাইলী আক্তারের অনৈতিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলেছিল। পরে শিশুটিকে হত্যার পর বস্তাবন্দি করে কাচিসাইর পুলের নিচে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার এক সপ্তাহ পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর লাইলী দীর্ঘ সময় কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আবার দেবিদ্বার পৌর এলাকার চাপানগরে বসবাস শুরু করেন। এরপর গত ১ আগস্ট ফরিদা ইয়াসমিনের বাড়ির টিনের ঘর ভাড়া নেন।
এদিকে, ফরিদা ইয়াসমিন হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী মো. মফিজুল ইসলাম ভূঁইয়া (৭২) শনিবার রাতে বাদী হয়ে লাইলী বেগমসহ (৩৫) চারজনকে অভিযুক্ত করে দেবিদ্বার থানায় মামলা করেন। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইলী আক্তার হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি আরও চারজনের নাম বলেছেন। তবে তাদের সম্পৃক্ততার বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। প্রাথমিকভাবে স্বর্ণালংকারসহ মালামাল লুটের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহত ফরিদা ইয়াসমিনের স্বামী মফিজুল ইসলাম জাহাজে চাকরি করেন। দুই মেয়ে রাবেয়া বসরী ও মরিয়ম আক্তারের বিয়ে হয়ে গেছে। ফলে ফরিদা ইয়াসমিন বাড়িতে একাই থাকতেন। দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, আসামিরা পলাতক থাকায় হত্যাকাণ্ডের পরিকল্পনা, জড়িত এবং লাশের অংশবিশেষ গোপন করার তথ্য সংগ্রহে সমস্যা হচ্ছে। গ্রেপ্তার লাইলী বেগমকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে কোর্টে পাঠিয়েছি। তিনি আরও বলেন, চেহারা বিকৃত করতে ঘাতকরা প্রথমে শরীরের চামড়া তুলে পরে টুকরো টুকরো করে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ডাস্টবিন থেকে মাথার অংশ উদ্ধার করা হয়। তবে পা উদ্ধারে অভিযান অব্যাহত আছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আমাদের একাধিক টিম নানামুখী অভিযানে নেমেছে। শিগগিরই সফল হব বলে আশা করছি।