× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবদম্পতি, বাবা-ছেলেসহ সড়কে ঝরল ১৩ প্রাণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ২১:১৯ পিএম

বগুড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কের উড়ালসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কের উড়ালসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের বিভিন্ন স্থানে গত শনিবার ও  রবিবার সড়ক দুর্ঘটনায় শিশু, নবদম্পতি, বাবা-ছেলে, যুবক, শিক্ষার্থী, চালকসহ ১৩ জন মারা গেছেন। ৯ জেলায় এ নিহতের ঘটনা ঘটে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ 

বগুড়া : বগুড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কের উড়ালসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর এলাকার আনন্দ সরকারের ছেলে তাপস সরকার (৩৫), তাপস সরকারের ছেলে তীব্র সরকার (১৮) এবং দিনাজপুরের বিরামপুর এলাকার ট্রাকচালক আলমগীর (৪৫)। বগুড়া সদর থানার এসআই মুঞ্জুর মোর্শেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। একটি ট্রাকের কেবিন পুরোপুরি দুমড়েমুচড়ে যাওয়ায় ভেতর থেকে মরদেহ বের করতে বেশ বেগ পেতে হয়। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন মারা গেছেন। রবিবার দুপুর ১টার দিকে বেজুরা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ উপজেলার রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) ও একই উপজেলার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)। মাধবপুর থানার এসআই ফারুক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে।

বরিশাল : বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া এলাকায় কীর্তনখোলা সেতুতে বিআরটিসি বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী মারা গেছেন। রবিবার বিকাল ৪টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া সেতুতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত রিফাত (২০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টঙ্গী (গাজীপুর) : গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ইয়াসিন আলী (১৭) গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়াসিন আলী পাবনার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।


যশোর : নতুন তৈরি করা ঘরে স্ত্রীকে নিয়ে সংসার শুরুর প্রস্তুতি চলছিল। সেই ঘরের জন্য মালামাল কিনতে যশোর শহরে এসে আর বাড়ি ফেরা হলো না আবদুর রশিদ ও তার স্ত্রী সাবিরা খাতুনের। পথেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তারা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর সেনানিবাসের মূল ফটকের সামনে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রশিদ যশোরের চৌগাছার মডেলপাড়া গ্রামের ইসমাইলের ছেলে। 

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খুলনা : খুলনার তেলিগাতী বাইপাস সড়কে আরএফএলের পিকআপের ধাক্কায় বিষে ম্যালো (৬৭) নামে এক বৃদ্ধ ভ্যানচালক মারা গেছেন। রবিবার সকাল ৮টার দিকে কাঠমান্ডু রেস্টুরেন্টের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিষে ম্যালোর বাড়ি যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা ঘাট এলাকায়। 

আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এসআই সঞ্জীব বিশ্বাস জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সদরপুর (ফরিদপুর) : ফরিদপুরের সদরপুর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে বিজয় কুমার দাস (১৭) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছে। নিহত বিজয় কুমার দাস (১৭) পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের চিত্তরঞ্জন দাসের ছেলে। রবিবার দুপুর ১২টার দিকে সদরপুর ইউনিয়নের সাড়েসাতরশি এলাকার আয়নালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরপুর থানার ওসি আবদুল আল মামুন শাহ।

বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহনের ধাক্কায় আবু হানিফা (৭০) নামে এক অটোবাইক চালক মারা গেছেন। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের বাসিন্দা। তিনি নুরুল ব্যাপারীর ছেলে। 

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা : রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় ভ্যানের চাপায় জুনায়েদ নামে দুই বছরের এক শিশু মারা গেছে। রবিবার দুপুর পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে মর্গে রাখা হয়েছে। 
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা