× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাছের দাম চড়া

ফেনী পৌর মাছের আড়তে ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ২১:১৫ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ২১:১৫ পিএম

 ফেনী পৌর মাছের আড়ৎ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী পৌর মাছের আড়ৎ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী পৌরসভার মাছের আড়তে প্রতিদিন কাকডাকা ভোর থেকেই জমে উঠছে ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড়। 

জেলার বিভিন্ন প্রান্ত, স্থানীয় খামার ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন শত শত টন মাছ এসে পৌঁছাচ্ছে এই বাজারে। আলো ফোটার আগেই উন্মুক্ত নিলামের মাধ্যমে জমে উঠছে মাছ কেনাবেচার হাঁকডাক। তবে সাম্প্রতিক দিনগুলোতে সব ধরনের মাছের দাম কিছুটা বাড়ায় চিন্তিত ক্রেতারা।

ফেনী পৌরসভার মাছের আড়ত ঘুরে দেখা গেছে, ভোরের আলো ফোটার পরপরই আড়তজুড়ে রুই, কাতল, পাঙ্গাশ, তেলাপিয়া এবং চিংড়িসহ নানা জাতের দেশি ও সামুদ্রিক মাছের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি ও কোলাহলে সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে।

ব্যবসায়ীরা জানান, বর্তমানে আড়তে গড়ে প্রতিদিন প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মাছ কেনাবেচা হয়। এই আড়তকে কেন্দ্র করে প্রায় অর্ধশতকেরও বেশি আড়তঘর সক্রিয় রয়েছে। কেবল স্থানীয় পাইকাররাই নন, শহরের অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের খুচরা বিক্রেতা এবং পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানের বড় অর্ডারের জন্য আড়ত থেকে সরাসরি পাইকারি দামে মাছ সংগ্রহ করছেন ক্রেতারা।


বাজার ঘুরে দেখা গেছে, ২ থেকে ৩ কেজি ওজনের রুই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকায়। বড় আকারের ৪ কেজি ওজনের কাতল মাছ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪৬০ থেকে ৪৭০ টাকায়। প্রতি কেজি পাঙ্গাশ মাছ মিলছে ১৫০ থেকে ১৭০ টাকায় এবং মানভেদে তেলাপিয়া বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। মাছের ধরন ও আকারভেদে চিংড়ির দাম কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকায়, গলদা ১২০০ থেকে ১৩০০ টাকায় এবং হরিণা চিংড়ি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। পাবদা মাছ কেজিপ্রতি ৩০০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। উপকূলীয় অঞ্চল ও সোনাগাজীর চরাঞ্চলের খামার থেকে আসা মাছের পাশাপাশি সামুদ্রিক মাছের মধ্যে টুনা মাছ ২৫০ টাকা, সুরমা ২৯০ টাকা, বাইলা ২৩০ টাকা, ভাটা ২৩০ টাকা, নারকেলি ৩০০ টাকা এবং লইট্যা মাছ মানভেদে ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে মাছের বর্তমান দর পরিস্থিতি নিয়ে স্থানীয় আড়তদার হাজী ওবায়দুল হক বলেন, প্রতিদিন ভোরে সোনাগাজীর চরাঞ্চল, স্থানীয় খামার ও দেশের অন্যান্য জেলা থেকে টনকে টন মাছ আমাদের আড়তে আসে। তবে পরিবহন খরচ বৃদ্ধি ও আবহাওয়ার কারণে সরবরাহ কিছুটা কম থাকায় বাজারে মাছের দাম আগের চেয়ে কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। বিশেষ করে চিংড়িতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।


আড়তে মাছ কিনতে আসা স্থানীয় খুচরা বিক্রেতা জহিরুল ইসলাম আক্ষেপ করে বলেন, আমরা এখান থেকে পাইকারি দামে মাছ কিনে নিয়ে পাড়া-মহল্লায় বিক্রি করি। কিন্তু বাজারে এখন সব মাছেরই দাম বাড়তি। বড় আকারের কাতল মাছ ৪৬০ থেকে ৪৭০ টাকায় কিনতে হচ্ছে, যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আমরা চড়া দামে কিনলে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা কঠিন হয়ে পড়ে।

পারিবারিক অনুষ্ঠানের জন্য মাছ কিনতে আসা এক সাধারণ ক্রেতা আবদুল মান্নান বলেন, অন্যান্য বাজারের চেয়ে আড়তে কিছুটা কম দামে ভালো মাছ পাওয়া যায় বলে ভোরেই ছুটে এসেছি। তবে ইলিশের ভরা মৌসুমেও বাজারে পর্যাপ্ত ইলিশ দেখতে পাচ্ছি না। ইলিশের সরবরাহ কম থাকায় রুই, কাতল ও সামুদ্রিক মাছের উপর চাপ বাড়ছে এবং সবকিছুর দামই চড়া ঠেকছে।

ইলিশের সরবরাহ বৃদ্ধিসহ বাজারে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলে অতি দ্রুত মাছের দাম ক্রেতাদের সাধারণ নাগালের মধ্যে চলে আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা