রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ২০:৪০ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রসব বেদনায় কাতর এক গর্ভবতী নারীকে নিয়ে স্বজনেরা ছুটে এসেছিলেন হাসপাতালে। জরুরি বিভাগে দেখানোর পর তাকে পাঠানো হয় ডেলিভারি রুমে। সেখানে তিন ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ উঠেছে।
স্বজনদের দাবি, ডেলিভারি রুমটি ছিল তালাবদ্ধ। দায়িত্বে থাকা মিডওয়াইফকেও শুরুতে পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে প্রসূতিকে অন্যখানে নেওয়ার পথে সন্তান প্রসব করেন ওই নারী।
গত শনিবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রঞ্জনা বেগম উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা দিগর এলাকার বাসিন্দা।
স্বজনদের ভাষ্য, হঠাৎ প্রসব বেদনা শুরু হলে রঞ্জনাকে দ্রুত রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগে তাকে দেখার পর ওপরতলার ডেলিভারি রুমে পাঠানো হয়। সেখানে তারা দেখতে পান ডেলিভারি রুম বন্ধ। সেখানে কোনো চিকিৎসক ও নার্স নেই।
প্রসব বেদনায় মেঝেতে কাতরাতে থাকেন রঞ্জনা। স্বজনেরা বারবার অনুরোধ করায় এক নার্স এসে তাকে দেখেন। তবে দায়িত্বে থাকা মিডওয়াইফকে তখন পাওয়া যায়নি। দীর্ঘ সময় অপেক্ষার পরেও চিকিৎসাসেবা না পাওয়ায় রোগীর অবস্থার অবনতি হতে থাকে।
রোগীর স্বজন জাকারিয়া শেখ বলেন, নিচে টিকিট কেটে ওপরতলায় গিয়ে দেখি ডাক্তার ও নার্স কেউ নেই। দরজা-জানালা সব বন্ধ। প্রায় আধা ঘণ্টা পর একজন নার্স এলেন। কিন্তু চিকিৎসা না করেই চলে যান। প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেছি। রোগী ব্যথায় ছটফট করছিল। পরে বাধ্য হয়ে তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।
রোগীর স্বামী আল আমিন বলেন, আমরা অসহায় মানুষ। চিকিৎসার জন্য হাসপাতালে এসে প্রায় তিন ঘণ্টা হয়রানির শিকার হয়েছি। আমাদের চিকিৎসা দেওয়া হয়নি। এর বিচার চাই।
অভিযোগের বিষয়ে অভিযোগের বিষয়ে মিডওয়াইফ রুমা মহন্ত বলেন, বিকালে আমার ডিউটি ছিল না। আমি সকাল থেকে ডিউটিতে ছিলাম। বিকালে যার ডিউটি ছিল শুনেছি তিনি ছুটিতে ছিলেন।
এ বিষয়ে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ফ ম ওবায়দুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে আমি ব্যবস্থা নেব।