পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ২০:৩৬ পিএম
পীরগঞ্জ থানা। ছবি: সংগৃহীত
পীরগঞ্জ উপজেলায় এক নারীকে বাগানে আটকে রেখে ধর্ষণের চেষ্টা, নগ্ন ভিডিও ধারণ এবং তার স্বামীর কাছে ৪০ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে পাঁচ তরুণের বিরুদ্ধে।
এ ঘটনায় রংপুরের পীরগঞ্জ থানায় পাঁচজনের নাম উল্লেখ করে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী। অভিযোগে অজ্ঞাতনামা আরও ৮-১০ জন রয়েছেন।
অভিযোগকারী নারী উপজেলার কুমেদপুর ইউনিয়নের শরিফেরপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা হলেনÑ তারেক মিয়া, বাবু মিয়া, মিরাজুল মিয়া, হিমেল মিয়া ও নাঈম মিয়া।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী গত শুক্রবার রাত ৯টায় ভুক্ত নারী তার স্বামী রিজু মিয়া ও প্রতিবেশী হালিম মিয়ার সঙ্গে কুমেদপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে কাঁচামরিচ কেনার জন্য তার স্বামী ফের বাজারে যান। পরে ওই নারী ও হালিম বাড়ির দিকে রওনা হন।
রাত সোয়া ৯টার দিকে তারা তারেক মিয়ার বাড়ির সামনে পৌঁছালে কয়েকজন তাদের পথরোধ করেন। হালিমের কাছে তারা টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর ও ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে হালিম পালিয়ে যান।
এরপর ওই নারীকে একটি গাছবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। তার পরনের কাপড় খুলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। তাকে আটকে রেখে তার স্বামীর কাছে ৪০ হাজার টাকা দাবি করা হয়। পরের দিন শনিবার ভোরে তার স্বামীকে ডেকে এনে ভয়ভীতি দেখিয়ে তাকে স্বামীর কাছে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তারা ষড়যন্ত্রের শিকার। পীরগঞ্জ থানার ওসি নজমুল হক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।