মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৯:৫৭ পিএম
মাগুরার মহম্মদপুরে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাগুরার মহম্মদপুরে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও বৈষম্যের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে বিতর্কিত নিয়োগ বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়। রবিবার বেলা ১১টায় মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে বিএনপির একাংশের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারি নীতিমালা অনুসরণ না করে স্বজনপ্রীতি ও বৈষম্যমূলক প্রক্রিয়ায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, শুধু ফ্যামিলি কার্ডের নিয়োগ নয়, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বণ্টন, কৃষি প্রণোদনা ও ভর্তুকি প্রদান এবং ভিজিএফ কার্ড বিতরণেও নানা অনিয়ম ও বৈষম্যের অভিযোগ রয়েছে। এসব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা।
নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন মহম্মদপুরের ইউএনও বেদবতী মিস্ত্রি। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পুরো প্রক্রিয়া সরকারি নীতিমালা মেনে শেষ হয়েছে।