কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৯:৪২ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ২০:১৭ পিএম
কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের বটতলী দুর্গম পাড়ায় দীর্ঘ দুই বছর ধরে বসতবাড়ি ও একমাত্র চলাচলের রাস্তার ওপর বৈদ্যুতিক তার ও খুঁটি ভেঙে পড়ে থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছে অন্তত ৩৫টি স্থানীয় পরিবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের বটতলী দুর্গম পাড়ায় দীর্ঘ দুই বছর ধরে বসতবাড়ি ও একমাত্র চলাচলের রাস্তার ওপর বৈদ্যুতিক তার ও খুঁটি ভেঙে পড়ে থাকায় মারাত্মক মরণ আতঙ্কে দিন কাটাচ্ছে অন্তত ৩৫টি স্থানীয় পরিবার।
রবিবার সরেজমিন দেখা যায়, এই ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারের কারণে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানকার বাসিন্দারা। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনাসহ প্রাণহানির মতো ঘটনা।
বটতলী পাড়ার স্থানীয় বাসিন্দা ক্যাউথোয়াই চিং মারমা ও আদোমা মারমা অভিযোগ করে বলেন, প্রায় দুই বছর আগে প্রাকৃতিক দুর্যোগ ও জরাজীর্ণতার কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ও খুঁটি ভেঙে পড়ে। এরপর থেকে খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় মাটিতে ও ঘরের চালে হেলে থাকলেও কোনো ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের একাধিকবার অবহিত করার পর তারা ঘটনাস্থলে এসে দেখে যান। কিন্তু দেখে গেলেও কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
সেই সঙ্গে এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন, বিদ্যুৎ বিভাগের এক কর্মচারী এটি ঠিক করার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করেন। দাবিকৃত টাকার না দেওয়ায় তারা আর কোনো খোঁজ নেননি।
এ ব্যাপারে জানতে চাইলে কাপ্তাই বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম জানান, তিনি এ বিষয়ে অবগত নন। এ বিষয়ে তার অধীনস্থ কর্মচারী-কর্মকর্তারাও তাকে অবহিত করেননি। তবে তিনি দ্রুত এলাকাটি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে নিশ্চিত করেন।