সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৯:১৪ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ১৯:২৫ পিএম
রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাব গ্রামে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে ঐতিহ্যবাহী পাতিল বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে ঐতিহ্যবাহী পাতিল বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব গ্রামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা।
গত শনিবার সকালে কেরাব গ্রামে স্থানীয় যুবদল এ প্রতিযোগিতার আয়োজন করে। সকাল থেকেই প্রতিযোগিতা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ ভিড় জমাতে শুরু করেন।
আয়োজকরা জানায়, পাতিল বাইচে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগী এসে নিবন্ধন করেন। পরে নির্ধারিত নিয়মে একাধিক ধাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোট ৯ জন প্রতিযোগী এতে অংশ নেন। দক্ষতা ও কৌশল দেখিয়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন দিঘুলিয়া গ্রামের সোলমান মিয়া। দ্বিতীয় হন কেরাব গ্রামের নুরুল হক এবং তৃতীয় স্থান অর্জন করেন কলাতলী গ্রামের আলামিন। প্রথম পুরস্কার ২১ ইঞ্চি এলইডি টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার একটি মোবাইল ফোন এবং তৃতীয় পুরস্কা একটি ঘড়ি দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, একসময় বর্ষা মৌসুম এলেই রূপগঞ্জের বিভিন্ন এলাকায় পাতিল বাইচ, নৌকাবাইচসহ নানা ধরনের গ্রামীণ খেলাধুলার আয়োজন হতো। এসব খেলা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। তবে শিল্পায়ন ও নগরায়নের ফলে পুকুর, খাল-বিল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় এসব ঐতিহ্যবাহী খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে।
দর্শনার্থীরা বলেন, এটি আমাদের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। বিভিন্ন হাউজিং প্রকল্পের কারণে পুকুর-নালা ভরাট হয়ে যাওয়ায় আগের মতো বড় পরিসরে এসব খেলা আয়োজনের সুযোগ নেই। তারপরও ছোট জলাশয়ে এমন আয়োজন মানুষকে আনন্দ দিয়েছে। হারিয়ে যেতে বসা এই খেলাটি টিকিয়ে রাখতে নিয়মিত আয়োজনের দাবি জানান তারা।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম। তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্যবাহী এসব খেলাধুলা ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার বিষয়ে উৎসাহ দিয়ে আসছেন।
এ ধরনের আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরারও একটি কার্যকর উদ্যোগ। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মানসিক বিকাশ ও সামাজিক সম্প্রীতি বাড়াতেও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানান সচেতন মহল।