রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৮:৩৭ পিএম
সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীর দুই পাড়ে নৌকাবাইচ দেখেতে হাজারো মানুষের উচ্ছ্বাস-উল্লাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বৈঠার ছন্দময় আঘাতে ফুলজোড় নদীর বুকে ছুটে চলেছে একের পর এক নৌকা। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে হাজারো মানুষের উচ্ছ্বাস-উল্লাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। কেউ হাততালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ দিয়েছেন, আবার কেউ মোবাইল ফোনে ধারণ করেছেন নৌকাবাইচের রোমাঞ্চকর মুহূর্ত।
এমন আনন্দঘন পরিবেশে সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পানশী নৌকাবাইচ।
গত শনিবার বিকালে উপজেলার চর তেলিজানা এলাকায় ফুলজোড় নদীর ব্রিজসংলগ্ন স্থানে এ নৌকাবাইচের আয়োজন করে চর তেলিজানা সেঞ্চুরি ক্লাব।
উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অর্জন করে আল-মদিনা এক্সপ্রেস। দ্বিতীয় স্থান অর্জন করে হাঁড়িভাঙা এক্সপ্রেস এবং তৃতীয় স্থান অর্জন করে সেভেন স্টার।
নৌকাবাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. একরামুল হক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল ও ৬ নম্বর ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল হাসেম।
বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আব্দুস সালাম খান, ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রায়গঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম আলালের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকাবাইচে বিভিন্ন এলাকার একাধিক প্রতিযোগী নৌকা অংশ নেয়।