নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৫:৪৯ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ১৫:৫১ পিএম
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মেয়াদোত্তীর্ণ ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মেয়াদোত্তীর্ণ ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হওয়ায় নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে রবিবার এ নিয়োগ দেওয়া হয়।
বরিশাল জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উপমা ফারিশা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রশাসক নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল বলেন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তারা ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন।
বাকেরগঞ্জের ১৪টি ইউনিয়নের মধ্যে চরামদ্দি, দুর্গাপাশা ও নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ এখনো শেষ হয়নি। ফলে, এসব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানরাই দায়িত্ব পালন করবেন।
প্রশাসক নিয়োগের ফলে মেয়াদোত্তীর্ণ ১১টি ইউনিয়নে পরিষদের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে এবং নাগরিক সেবা ব্যাহত হবে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।