চট্টগ্রাম অফিস, হাটাহাজারী প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৪:৫৯ পিএম
হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী যোগ দেবেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে চট্টগ্রামের হাটহাজারীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
তাকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি জোরদার করেছে।
আজ রবিবার বিকেলে হাটহাজারী সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরসূচি অনুযায়ী, বিকেল সোয়া ৩টায় তিনি হাটহাজারী বড় মাদ্রাসায় উপস্থিত হয়ে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির ও মহাসচিব আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করবেন।
পরে বিকেল ৫টায় হাটহাজারী মডেল সরকারি পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হাটহাজারীর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে স্বাগত জানাতে সড়কের বিভিন্ন স্থানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে সভাস্থল ও প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী ফটিকছড়ি থেকে সড়কপথে হাটহাজারীতে আসবেন। তার চলাচলের সড়ক নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে অবৈধ স্থাপনা অপসারণসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।